আওয়ামী লীগ ও শরীকদের প্রার্থীর তালিকা শিগগিরি প্রকাশ করা হবে: কাদের
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কৌশলগত জোট করছেন তারা। আদর্শগত কোনও জোট করছে না আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনে জোটগতভাবেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামী ৪/৫ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে। আজ (রোববার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় চলমান নানা বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের শরিকরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। তবে জাতীয় পার্টি নির্বাচন করবে লাঙল প্রতীক নিয়ে। নতুন শরিক যুক্তফ্রন্ট কোন প্রতীকে নির্বাচন করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা চাই তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করুক। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকেও অবহিত করেছি।
জোটের শরিকদের মধ্যে আসন ভাগাভাগি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেত্রী বলেছেন, ৬৫ থেকে ৭০টি আসন শরিকরা পাবেন। তবে আলোচনা করে যদি মনে হয় তাহলে ইউনিবল প্রার্থী বেশি আছে, তাহলে সেটা বাড়ানো যেতে পারে।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনি ইশতেহারের মূল বিষয় হবে, গ্রামকে শহর বানানোর কার্যক্রম। এটিকে প্রাধান্য দিয়েই ইশতেহার তৈরি হচ্ছে, যা প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা জাতির সামনে তুলে ধরবেন।
বর্তমান সরকারের বেশিরভাগ মন্ত্রী ও এমপি মনোনয়ন পাবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গত ছয় মাস আগেও যারা এলাকার উন্নয়নে মনোনিবেশ করেছেন, তারা মনোনয়ন পাবেন। তবে এবার মনোনয়ন প্রাপ্তদের মধ্যে নতুন মুখও থাকবে।
সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচন করা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারন সম্পাদক বলেন, এ এম এস কিবরিয়া আওয়ামী লীগের অর্থমন্ত্রী থাকলেও তার ছেলে রেজা কিবরিয়া কখনোই আমাদের ছিলেন না। তাই তিনি যদি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না।
নির্বাচনে আবারও বিজয়ের ব্যাপারে আওয়ামী লীগ শতভাগ আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর কোথাও শতভাগ নিরপেক্ষ ভোট হয় না। এমনকি আমেরিকায়ও নয়। তবে বাংলাদেশে এ বছর সাউথ এশিয়া স্ট্যান্ডার্ড নির্বাচন হবে। বাংলাদেশে এর আগে যেসব নির্বাচন হয়েছে, তার চেয়ে এবার আরও ভাল নির্বাচন হবে।
এদিকে, বিএনপি নেতা রিজভী আহমেদ অদ্ভুত এক প্রাণীতে রূপান্তরিত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, রিজভী আহমেদ বলেছেন, সরকার অদ্ভুত প্রাণীতে পরিণত হয়েছে। আসলে সরকার নয়, রিজভী আহমেদ নিজেই অদ্ভুত এক প্রাণীতে রূপান্তরিত হয়েছে। কারণ ওনার মুখে কোনোদিন হাসি দেখি না। উনি সকাল বিকাল মিথ্যা কথা বলেন, মিথ্যাচার করেন। তারা আচরণবিধির কথা বলেন। তাদের কার্যালয়ের সামনে যেভাবে হাজার হাজার লাঠি আর বাঁশ নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করার জন্য তার দলের নেতাকর্মীরা গিয়েছে, এটা আচরণবিধির কোথায় আছে?
আজ (রোববার) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাছান মাহমুদ।
বিএনপি এবং ঐক্যফ্রন্ট প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছে দাবি করে তিনি বলেন, গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রীতিমতো সমাবেশ করে তারা ধানের শীষে ভোট চেয়েছে। দেশের সর্বোচ্চ আদালত এবং আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মির্জা ফখরুল এবং ড. কামাল হোসেন ধানের শীষে ভোট চেয়েছেন। এটা আচরণবিধির চরম লঙ্ঘন।
শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র নিয়ে রিজভী আহমেদের বক্তব্যের নিন্দা জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর একটি ডকুমেন্টারি মুক্তি পেয়েছে। এতে শেখ হাসিনার সাধারণ জীবনযাপন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডসহ নানা বিষয় উঠে এসেছে। এটা একটি শিল্পকর্ম। এরসঙ্গে রাজনীতি কিংবা ভোটের কোনও সম্পর্ক নেই। এটার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।#
পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/১৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন