তারেকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে ইসিতে আ.লীগের অভিযোগ, ফখরুলের প্রতিক্রিয়া
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ (রোববার) রাতে দলটির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে আবেদনটি জমা দেন। পরে কর্নেল (অব.) ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘একজন দণ্ডপ্রাপ্ত আসামি স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে জানতে পেরেছি। কিন্তু আদালত বলেছেন, একজন পলাতক আসামি হিসেবে তারেকের বক্তব্য কোথায়ও প্রচার হবে না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পদেও থাকতে পারেন না। তার স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ ও বক্তব্য প্রদান নির্বাচন আইনের লঙ্ঘন। এটা হতে পারে না। আশা করি, নির্বাচন কমিশন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।’
ফারুক খান বলেন, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের আমরা দেখেছি, সুপ্রিম কোর্টে দিনভর নির্বাচনী প্রচার চালিয়েছেন। এটা আচরণ বিধির লঙ্ঘন। এই লঙ্ঘন নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস। এটা চলতে থাকলে নির্বাচন আরো প্রশ্নবিদ্ধ হবে। এ বিষয়ে দ্রুত শক্ত পদক্ষেপ নিতে হবে। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করেন ফারুক খান।
নির্বাচনের সময় ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ ডকুড্রামা মুক্তির বিষয়টি নির্বাচনী আইন লঙ্ঘন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি বিনোদনমূলক। মানুষ টাকা দিয়ে টিকিট কেটে এটি দেখছে। এখানে কোনো নির্বাচনী প্রচারণার বিষয় নেই।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ রোববার সকালে শুরু হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে এ বিষয়ে খতিয়ে দেখতে ইসির প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রমাণসহ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব: ইসি
বিকেলে নির্বাচন কমিশন রফিকুল ইসলাম তালুকদার সংবাদমাধ্যমকে বলেন, ‘তারেকের বক্তব্য প্রদানের বিষয়টি কেউ প্রমাণসহ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। যদি কেউ তথ্য প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে আমরা আইনের মধ্যে থেকে যদি কিছু থাকে, তাহলে ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলব। আর যদি আইনের ভেতর কিছু না থাকে, তাহলে আমরা নিজেরা কমিশন বসে কি করা যায় তা পর্যালোচনা করে তারপরে সে ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
সাক্ষাৎকার কিভাবে নেব এটা আমাদের সিদ্ধান্ত: ফখরুল
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কিভাবে নেব এটা আমাদের সিদ্ধান্ত। ভিডিও কনফারেন্সে নাকি সরাসরি সাক্ষাৎকার নেয়া হবে সেটা নিজেদের ব্যাপার। সেটা তাদের কোনো এখতিয়ার আছে বলে আমরা মনে করি না।
আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির অংশ হিসাবে আমরা নির্বাচনে গেছি। সেই জন্য যে আনুষ্ঠানিকতার কাজগুলো করছি। আজকে আমাদের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষৎকার গ্রহণ শুরু হয়েছে। তিনি বলেন, আমরা মনে করছি না অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘকাল আন্দোলন সংগ্রাম করছি। সরকার একতরফা, একদলীয় নির্বাচন করার পাঁয়তারা করে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে তারেক রহমানের অংশগ্রহণ প্রসঙ্গে ইসিতে আওয়ামী লীগের অভিযোগ সম্পর্কে দৃষ্টিআকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ইসি নিজেরাই আচরণ ভঙ্গ করছেন। আমার দলের সাক্ষাৎকার কিভাবে নেব এটা আমার সিদ্ধান্ত।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। এর মধ্যে কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে রয়েছেন তারেক রহমান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮