ভোট হবে না গৃহযুদ্ধ হবে: ওবায়দুল কাদেরের প্রশ্ন
-
ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে। দলটির নেতারা ক্রমাগত আক্রমণাত্মক ভাষায় কথা বলে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে ও ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনার শেষে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, 'বিএনপি গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে, কারণ কেন্দ্রে কেন্দ্রে তিনশত থেকে পাঁচশত লোক পাহারা দেয়ার অর্থ কি? তাহলে আমরাও যদি কেন্দ্রে কেন্দ্রে তিনশত থেকে পাঁচশত লোকের ব্যবস্থা করি, অবস্থাটা কি হবে? তাহলে ভোট হবে না গৃহযুদ্ধ হবে? ভোট হবে না ভায়োলেন্স হবে?'
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, 'তারা কেন্দ্রে কেন্দ্রে পাহারাদার নিয়োগের নামে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে, এটা সহ্য করা যায় না। দেশের জনগণ যখন একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা বলছে, তখন বিএনপি নেতারা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে নির্বাচনের সুন্দর পরিবেশকে নষ্ট করছে।'
নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা ইসিকে জিজ্ঞাসা করুন, আমার দৃষ্টিতে কোনো পক্ষপাতমূলক আচরণ পাচ্ছি না।
আরও পড়ুন: ৭০ পুলিশ কর্মকর্তার প্রত্যাহারসহ ১৩ দফা দাবি জানাল বিএনপি
ঐক্যফ্রন্টের নেতৃত্ব বিএনপির হাতে যাচ্ছে- এমন গুঞ্জনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের কানাকড়িও দাম নেই। সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে। ড. কামালদের শুধু ব্যবহার করা হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের আচরণ এখনও আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ তথা আরপিওতে কাভার না করায়, এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তার দল।’
ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কোনও সত্যতা নেই। জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হচ্ছে। জয়ী হতে পারবে, এমন প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে। এক্ষেত্রে কোনও আপসের সুযোগ নেই।’
নিবন্ধন হারানো জামায়াত নেতাদের বিভিন্ন জায়গা থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী তাদের (বিএনপির) জোটে আছে। বিএনপি তাদের এই জানের-জান দোস্তকে কখনও হারাতে চায় না। কখনও এই বন্ধুত্বে ফাটল ধরবে না। কারণ আওয়ামী লীগকে ঠেকাতে হলে জামায়াতের সেই জঙ্গি শক্তিটা দরকার আছে। তাদের ছাড়বে না এটাই স্বাভাবিক।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন