নৌকার মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসিন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকরা গতকাল থেকে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রকাশ করছে। দলীয় মনোনয়ন প্রত্যাহার বা পছন্দের প্রার্থীদের মনোয়নের দাবীতে কোথাও সড়ক অবরোধ, ঝাড়ু ও লাঠি মিছিল, দলীয় অফিস হামলা ভাঙচুর এমনকি কোথাও নিজেদের দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
ওদিকে মহাজোটের শরীক জাতীয় পার্টি বিক্ষুব্ধ নেতাকর্মীদের প্রতিবাদের মুখে মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা আজকেও প্রকাশ করতে পারেনি।
সোমবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। সংবাদ সম্মেলনে উপস্থিত হন মহাসচিব এবিএম রুহুলি আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি অনুকূলে না থাকায় শেষ পর্যন্ত কোনো প্রার্থীর নামই ঘোষণা করেননি পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত খবরে জানা যায়, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবিতে সোমবারও বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে সড়কের দুই প্রান্তে শত শত যানবহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন লোকজন।
এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সলকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার খবর প্রকাশ হলে রবিবার দুপুর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় কয়েক হাজার বিক্ষুব্ধ নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়কের চরযশোরদী ইউনিয়নের জয় বাংলা মোড়ে মহাসড়ক অবরোধ করেন। বিকেল ৫টা থেকে হাজার হাজার নেতাকর্মী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। বিক্ষোভ চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে মানু মজুমদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। তারা ঝাড়ু মিছিল করে হারুনকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর থানার পাশে উপজেলা যুবলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটিতে কয়েক দফায় বাধা দেয় পুলিশ। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নেতাকর্মীরা আবারও জড়ো হয়ে ঝাড়– নিয়ে মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে যুবলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর কর্মী-সমর্থকরা ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে চালানো এই হামলায় জাপার চারজন আহত হয়েছেন।আহতদের রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
ঢাকা-২ আসনে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় বিক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সোমবার সকাল ১১টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ এই আসনে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
কুড়িগ্রাম সদর-২ আসনে মহাজোট থেকে মো. জাফর আলীকে নৌকা মার্কায় মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। আজ সকাল থেকে শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে বিভিন্ন স্থান থেকে নৌকা সমর্থকরা জড়ো হয়।
জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ নেতা ও এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনুকে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে জামালপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তার সমর্থকরা। আজ সোমবার সকাল থেকে তার সমর্থকরা সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন