ওয়াজ মাহফিলসহ কর্মকর্তাদের প্রতি নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা জারি; বিশ্লেষক প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i66159-ওয়াজ_মাহফিলসহ_কর্মকর্তাদের_প্রতি_নির্বাচন_কমিশনের_নতুন_নির্দেশনা_জারি_বিশ্লেষক_প্রতিক্রিয়া
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে ওয়াজ-মাহফিলের ওপর কড়াকড়ি আরোপ থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৭, ২০১৮ ১৫:২৬ Asia/Dhaka
  • ওয়াজ মাহফিলসহ কর্মকর্তাদের প্রতি নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা জারি; বিশ্লেষক প্রতিক্রিয়া

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে ওয়াজ-মাহফিলের ওপর কড়াকড়ি আরোপ থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।

এখন নতুন নির্দেশনায় বলা হয়েছে, রিটার্নিং অফিসার অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা রিটার্নিং অফিসারের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার অনুমতি নিয়ে এসব ওয়াজ-মাহফিল করতে হবে। তবে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য বা কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে বক্তব্য দেওয়া যাবে না।

আজ মঙ্গলবার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

ইসির চিঠিতে বলা হয়েছে, ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল বা এ ধরনের জমায়েতের বিষয়ে একটি মহল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের ফলে নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। ধর্মীয় সভা সংক্রান্ত একটি স্পর্শকাতর বিষয়ে অপপ্রচার রোধে এবং সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা নস্যাৎ করতে সংশ্লিষ্টদের ধর্মীয় কোনো অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। চিঠিটি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। তাছাড়া, আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) গত ২২শে নভেম্বর নির্বাচন কমিশনের উপ-সচিব আব্দুল হালিম খানের স্বাক্ষর করা এক চিঠিতে নির্দেশনা দেয়া হয়
এ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের সরকারের কোনো ব্রিফিংয়ে অংশ না নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসির উপ-সচিব মো: আব্দুল হালিম খানের পাঠানো চিঠিতে বিষয়টি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ জানানো হয়েছে।  এছাড়া তারা সরকারের উন্নয়ন, প্রশাসনিক বা নির্বাচন-সংক্রান্ত কোনো ব্রিফে অংশ নিতে পারবেন না।

নির্বাচন কমিশনে সম্প্রতি বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগ করে যে, জেলা প্রশাসকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে ব্রিফ করা হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি থেকে এমন নির্দেশনা এলো। তবে,  নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি’র অভিযোগ প্রত্যাখ্যান করে আইনমন্ত্রী অনসিুল হক বলেছেন , এটা তাদের মনগড়া বক্তব্য। ইসি এমন কিছুই করছে না।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের একমাস আগে যারা সিইসি’র পদত্যাগ দাবী করে তাদের উদ্দেশ্য পরিষ্কার। সিইসি’র পদত্যাগ চাওয়ার অর্থ হচ্ছে তারা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চাচ্ছে তারা।

ওবায়দুল কাদের আরো বলেন, জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপি’র সঙ্গে হাত মেলাচ্ছে ততই বিএনপি আরো জনসমর্থন হারিয়ে ফেলছে, বিএনপি’র ভাঙ্গা হাঁড় নেতায় নেতায় ঐক্য হচ্ছে, ভাঙ্গা হাঁড় জমছে না।’ তিনি প্রচন্ড আত্মবিশ্বাসরে সাথে বলেছেন, নৌকার পক্ষে গণজোয়ার নেমেছে। ইনশাহ্আল্লাহ ডিসেম্বরে নৌকা ভাসতে ভাসতে মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে বন্দরে গিয়ে বিজয়ী হয়ে পৌঁছাবে।

ওদিকে সরকারী জোটের শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মন্তব্য করেছেন, নির্বাচনে অংশগ্রহণের কথা বললেও বিএনপি আসলে ভোট বানচালের অপচেষ্টায় লিপ্ত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন সম্পর্কে জনগণের মনে আস্থাহীনতা তৈরি করা এই মুহূর্তে তাদের লক্ষ্য।

মেনন বলেন, ‘এখন যদি কোনো শূণ্যতা সৃষ্টি হয় সেই শূণ্যতা তখন আমরা দেখবো তার ভিতর দিয়ে অশুভ শক্তি অথবা তৃতীয় কোনো শক্তি এসে ক্ষমতায় বসবে।“#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৭