বিএনপি-জামায়াত একই বৃন্তে দুই ফুল: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'জামায়াতকে আলাদা করে লাভ নেই। জামায়াত ছাড়া বিএনপি অচল। তারা একই বৃন্তে দুই ফুল। তারা একসঙ্গেই কাজ করছে, রাজনীতি করেছে এবং সাম্প্রদায়িকতা করেছে। ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেটিও বিএনপি-জামায়াত একসঙ্গে মিলেই করেছে।'
নিববন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর প্রার্থীদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করার অনুমোদন দেয়ার সমালোচনা করে আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান বলেন, “আমরা তো বলেছি কোনো যুদ্ধাপরাধীকে আমাদের প্রতীক দেব না। কেউ যুদ্ধাপরাধ না কইরা থাকলে তাকে দিতে অসুবিধা কী? জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছেন।”
এ বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির দৃষ্টিতে জামায়াতের সবাই মুক্তিযোদ্ধা।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে বিএনপির প্রত্যয়নপত্র দেয়া হয়েছে। জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ২০১৫ সালের ১৮ আগস্ট ঢাকার ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়েকদফা রিমান্ড শেষে সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০১৬ সালের ৭ জুন কারাগার থেকে মুক্তি পান শাকিলা।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এই যে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সে কী? সে জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নয়? বিষয়টি আদালত পর্যন্ত গিয়েছে। তাহলে শাকিলা ফারজানা যদি জঙ্গি না হয়, তাহলে জঙ্গি কে? এরকম অনেক জঙ্গিকে তারা মনোনয়ন দিয়েছে বলে আমরা জানি। এগুলো তাদের জন্য নতুন কিছু নয়।’
বিএনপিসহ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে প্রত্যাশা করে কাদের বলেন, আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন। বিএনপি-ঐক্যফ্রন্ট না থাকলে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯