প্রমাণিত হলো বিএনপি সন্ত্রাসী দল- কাদের : এমন নির্বাচন কোনোদিন দেখিনি- মওদুদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i66519-প্রমাণিত_হলো_বিএনপি_সন্ত্রাসী_দল_কাদের_এমন_নির্বাচন_কোনোদিন_দেখিনি_মওদুদ
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি দু'টি হত্যার ঘটনায় (নোয়াখালী ও ফরিদপুর) বিএনপি আবারো প্রমাণ করল যে, তারা সন্ত্রাসী দল। কানাডার আদালত ভুল রায় দেয়নি। তারা যে সন্ত্রাসের দল এটা প্রমাণিত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৮ ১১:৫৮ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি দু'টি হত্যার ঘটনায় (নোয়াখালী ও ফরিদপুর) বিএনপি আবারো প্রমাণ করল যে, তারা সন্ত্রাসী দল। কানাডার আদালত ভুল রায় দেয়নি। তারা যে সন্ত্রাসের দল এটা প্রমাণিত।

আজ (বুধবার) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদের বলেন, নোয়াখালীতে আমাদের এক কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার চোখে মরিচের গুড়া ব্যবহার করা হয়েছে, ইট দিয়ে মাথা থেতলে দিয়ে পরে আবার গুলি করা হয়েছে। এছাড়াও ফরিদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদককে হত্যা করা হয়েছে। এ সহিংসতা কারা করছে। এখন ফখরুল সাহেব সহিংসতা-নাশকতা, সরকারিদলের ওপর নিপীড়িন কারা করছে।

রাজধানীর নয়াপল্টনের হামলার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নয়াপল্টন অফিস থেকে আপনারা যা করেছেন তার নেতৃত্ব দিয়েছেন মির্জা আব্বাস। আজকে তার মেয়ে পর্যন্ত সন্ত্রাসী। এটা ভাবতে অবাক লাগে, গোটা পরিবারকে সন্ত্রাসী বানিয়েছে। নিজেও করে পরিবারকে দিয়েও সন্ত্রাস করাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মওদুদ সাহেব অভিযোগ করেছেন, আমি নাকি সরকারি গাড়ি-সব সুযোগ-সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের বলতে চাই, এ ধরনের কিছু ঘটেনি। এছাড়া আমার সঙ্গে সেখানে ১৪ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ

'আমার রাজনৈতিক জীবনে এমন নির্বাচন কোনো দিন দেখিনি'

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন, সিভিল ও পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে এমন নির্বাচন কোনো দিন দেখিনি।

আজ (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদের ভাষ্য, তাঁর নির্বাচনী এলাকাসহ সারা দেশে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা নির্বাচন কমিশন ও পুলিশের সহায়তায় আসন্ন জাতীয় নির্বাচন বানচালের জন্য কাজ করছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের অভিযোগ, নয় দিন ধরে তাঁর নির্বাচনী এলাকায় শতাধিক নেতা-কর্মীর বাড়িতে হামলা চালিয়ে তাঁদের আহত করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে, যেন তাঁরা নির্বাচনী কোনো কাজে অংশ নিতে না পারেন।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশের এসপি ও ওসির কাছে বারবার অভিযোগ করেও কোনো সুফল পাননি তিনি।

নির্বাচনী পরিবেশের কথা উল্লেখ করে মওদুদ দাবি করেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড দূরের কথা, এখন সব জায়গায় আন-লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে। সারা দেশে একই অবস্থা। সরকারি দলের সবকিছু আছে, কিন্তু ভোট নেই। এই অবস্থা বুঝতে পেরে সরকার সন্ত্রাস ও নৈরাজ্যকে বেছে নিয়েছে।

সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ নিজের আহত কর্মীদের নামের তালিকা দেন। তাঁর এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও আহত কর্মীদের ছবি দেখান। এ ছাড়া সরকারি সুবিধা ব্যবহার করে ওবায়দুল কাদেরের গণসংযোগ করারও ছবি দেখান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন