'আমি জাতির পিতার স্বপ্ন পূরণ করতে চাই': নির্বাচনী জনসভায় শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i66528-'আমি_জাতির_পিতার_স্বপ্ন_পূরণ_করতে_চাই'_নির্বাচনী_জনসভায়_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের ভাগ্যন্নোয়নে নৌকা মার্কায় ভোট চেয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী ও খুনি-সন্ত্রাসিদের ক্ষমতায় আসা প্রতিহত করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৮ ১৪:৫২ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের ভাগ্যন্নোয়নে নৌকা মার্কায় ভোট চেয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী ও খুনি-সন্ত্রাসিদের ক্ষমতায় আসা প্রতিহত করতে হবে।

আজ (বুধবার) বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায়, স্থানীয় সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এ আহবান জানিয়ে শেখ হাসিনা বলেছেন, বাংলার মানুষের ভাগ্যোন্নয়নের প্রতিজ্ঞা নিয়েই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের উন্নয়নের ফলেই আজ দেশের তৃণমূলের উন্নয়ন সম্ভব হয়েছে।  যতই বাধা-বিপত্তি আসুক না কেন এদেশের মানুষের জন্য কাজ করে যাবে তার দল।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘এটা প্রথম নির্বাচনী সভা। কাজেই এই সভা থেকেই আমি সমগ্র দেশবাসীর কাছে এই আবেদন জানাই যে, আমি নৌকা মার্কায় ভোট চাই। আমরা নৌকা মার্কায় যাকে যেখানে প্রার্থী করেছি তাদের সবাইকে ভোট দেওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। আমরা জনগণের সেবা করতে চাই, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। জাতির পিতার স্বপ্ন আমি পূরণ করতে চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছেন। ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ আজকে বাস্তব। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। কাজেই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ যেন বন্ধ করতে না পারে। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। বাংলাদেশ যেন বিশ্ব সভায় মাথা উঁচু করে চলতে পারে। আমি সেই সুযোগ দেশবাসীর কাছে চাই।’

এর আগে, আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে, বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের পর নির্বাচনি প্রচারণা শুরু করেন শেখ হাসিনা।

সফরসূচী  অনুযায়ী শেখ হাসিনা আজ  টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।  তিনি আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ি রাস্তার মোড় (রাজবাড়ি জেলা), পাটুরিয়া ঘাট (আরোয়া ইউনিয়ন), মানিকগঞ্জ পৌরসভার বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ প্রাঙ্গণ ও সাভারের  নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করবেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১২