সরকার ইতিমধ্যে পরাজিত- ফখরুল : ধান এখন নৌকা হয়ে গেছে- কাদের
-
ওবায়দুল কাদের - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশে ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেবার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শনিবার) নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনী পথসভায় তিবি এ আহ্বান জানান। 'সরকার ইতিমধ্যে পরাজিত' উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যেহেতু নিজেদের জন-বিচ্ছিন্নতা রয়েছে এবং জনগণের সঙ্গে তাদের (আওয়ামী লীগ) কোনো সম্পর্ক নেই। সেই কারণেই জনসম্পৃক্ত না হওয়ার ফলে এই সরকার প্রশাসনের ওপর দলীয় ক্যাডারদের ওপর নির্ভর করছে। জনগণের কাছে হেরে গিয়ে নৌকা এখন কোর্টে (আদালত) আশ্রয় নিয়েছে।
এর আগে মির্জা ফখরুল নির্বাচনী প্রচারণায় বিমানযোগে ঢাকা ত্যাগ করেন। পরে সৈয়দপুর বিমানবন্দর থেকে বেরিয়ে সেখানে একটি পথসভায় অংশ নেন। এর পর পার্বতীপুরে এবং দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক পথসভায় বক্তৃতা করেন। আগামীকাল রোববার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে প্রচারণা চালাবেন ফখরুল ইসলাম।
‘চালুনিতে ছেঁকে’ তুলছে পুলিশ
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ (শনিবার) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পুলিশ প্রশাসন ক্ষমতাসীন দলের স্বার্থেই একতরফা নির্বাচন করতে সকল শক্তি নিয়ে মাঠে নেমেছে। ঢাকা মহানগরসহ দেশব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনী যেন মরণকামড় দিচ্ছে। ধানের শীষের প্রার্থীর কর্মী-সমর্থকদের চালুনি দিয়ে ছেঁকে তুলছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ধরার জন্য তাদের বাড়িতে বাড়িতে হানা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদেরকে না পেয়ে মহিলা সদস্যসহ পরিবারের লোকজনদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও বিএনপি নেতাকর্মীকে না পেয়ে স্ত্রী ও সন্তানদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি-আজ থেকে বিএনপি, ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর অপারেশনের মাত্রা বৃদ্ধি করা হবে। ইতোমধ্যে সারাদেশে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের তালিকা স্থানীয় থানায় জমা দেওয়া হয়েছে। সেই তালিকাগুলোই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন বিজিবি ও র্যাবের নিকট সরবরাহ করছে। আর এ তালিকা ধরে আটক অভিযান চালানো হবে।
তিনি বলেন, ‘ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবে যাদেরকে মনোনীত করা হবে তাদের নির্বাচনের দু’একদিন আগেই গ্রেপ্তার করা শুরু হবে। আমরা বিভিন্ন সূত্রে আরও জানতে পেরেছি-ডিএমপি থানার ওসিরা সীল মারার জন্য বাছাই করা আওয়ামী কর্মীদের সাক্ষাৎকার নিচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন।’
ধান এখন নৌকা হয়ে গেছে: কাদের
ওদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী পথসভায় বলেছেন, ‘বিএনপির এখন সম্বল হলো বিদেশিদের কাছে নালিশ। তারা নির্বাচন কমিশন একটা পেয়েছে। প্রতিদিন নির্বাচন কমিশনে আর কোনো পার্টি না যাক, বিএনপি আছে। কেন যায়? নালিশ, নালিশ, নালিশ।’
তিনি বলেন, ‘সারাবাংলার ধান এখন নৌকা হয়ে গেছে। নারী-পুরুষসহ তরুণ প্রজন্মের ঢল নেমেছে নৌকার পক্ষে। সারা বাংলাদেশের ধানের শীষের লোকজন এখন দলে দলে নৌকার পক্ষে যোগ দিচ্ছে।’
এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান, ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব নবীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন