বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ড: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টার মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিজাত বনানী এলাকায় অগ্নিকাণ্ড। সবশেষ খবর অনুযায়ী, এফ আর টাওয়ারের আগুনে প্রাণ গেছে ২৫ জনের। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অর্ধশতাধিক মানুষ। তাদের অনেকের অবস্থা গুরুতর হওয়ার মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর নড়েচড়ে বসেছে সরকারের বিভিন্ন সংস্থা। ভবনটির ২৩ তলা পর্যন্ত করার অনুমোদন ছিল না বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এছাড়া ঘটনার দ্বিতীয় দিনে (শুক্রবার) এফআর টাওয়ার পরিদর্শনে যান সরকারের মন্ত্রীসহ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা। এ সময়, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার কথা জানান তারা।
এদিকে, জাতীয় কমিশন করে বনানীর অগ্নিকাণ্ডের তদন্তের দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। যেনতেনভাবে যাতে তদন্ত না হয় সেদিকে নজর দেয়ার কথাও বলেন তিনি। এ সময়, সংক্ষুব্ধরা চাইলে তাদেরকে আইনি সহায়তা দেয়ার কথাও বলেন ড. কামাল হোসেন।
আর অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়ানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, অগ্নি-দুর্ঘটনা মোকাবেলায় এখন ফায়ার সার্ভিসের সরঞ্জাম এক জায়গায় না রেখে শহরের চার জায়গায় রাখা হবে। যাতে কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যেতে পারেন।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ‘বঙ্গবন্ধু ইন্টার ইউনিভার্সিটি ২০১৯ স্পোর্টস ক্যাম্প’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকা সিটিকে ‘সেফ সিটি’তে পরিণত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনা ক্যামেরা নিয়ন্ত্রিত হবে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। যেখানে পুলিশ দরকার সেখানে পুলিশ যাবে, যেখানে অ্যাম্বুলেন্স দরকার সেখানে অ্যাম্বুলেন্স যাবে। ফায়ার সার্ভিস দরকার হলে ফায়ার কর্মীরাও যাবে। আমাদের সে ধরনের পরিকল্পনা রয়েছে।
ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদেশ থেকে অগ্নি নির্বাপনের নতুন নতুন সরঞ্জাম আনা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রায় ৬০ হাজার ভলান্টিয়ার তৈরি করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বনানী অগ্নিকাণ্ডের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সব বহুতল ভবনের ফায়ার সেফটি ও বিল্ডিং সেফটির কাগজপত্র চেয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ১০দিনের মধ্যে ভবন মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ভবন সংক্রান্ত কাগজপত্র দেখে আমরা সিদ্ধান্ত নেবো। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভবন পরিদর্শন হবে। পরিস্থিতি দেখে তারা প্রতিবেদন দেবেন আর সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২৯