খালি পা, শূন্য হাতে সৌদি আরব থেকে ফিরলেন ১৭৫ কর্মী
https://parstoday.ir/bn/news/bangladesh-i73702-খালি_পা_শূন্য_হাতে_সৌদি_আরব_থেকে_ফিরলেন_১৭৫_কর্মী
সৌদি প্রশাসনের ধরপাকড়ের শিকার হয়ে রোববার রাতে ঢাকা ফিরেছেন ১৭৫ প্রবাসী কর্মী। শূন্য হাতে ফেরা এসব কর্মীদের কেই ছিল খালি পায়ে, কাউকে আবার কাজের পোশাক পরেই বিমানে চড়তে হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১৩:০৪ Asia/Dhaka
  • খালি পা, কাজের পোশাকে সৌদি আরব থেকে ফিরলেন ১৭৫ কর্মী
    খালি পা, কাজের পোশাকে সৌদি আরব থেকে ফিরলেন ১৭৫ কর্মী

সৌদি প্রশাসনের ধরপাকড়ের শিকার হয়ে রোববার রাতে ঢাকা ফিরেছেন ১৭৫ প্রবাসী কর্মী। শূন্য হাতে ফেরা এসব কর্মীদের কেই ছিল খালি পায়ে, কাউকে আবার কাজের পোশাক পরেই বিমানে চড়তে হয়েছে।

প্রবাসী শ্রমিকদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার রাত ১১টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে । ফেরত আসা শ্রমিকদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিমানবন্দরে খাবার সরবরাহসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা দেয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, সৌদি প্রশাসন প্রতিদিন শত শত বিদেশি কর্মীকে গ্রেফতার করছে। রিয়াদ ডিপোর্টেশন ক্যাম্পে এখন কয়েক হাজার বাংলাদেশী রয়েছেন।

ফেরত আসা অনেকে অভিযোগ করেছে, বৈধ “আকামা” থাকা সত্ত্বেও তাদের জোর করে ধরে জেলখানাতে নিয়ে যাওয়া হয়। অনেক ক্ষেত্রে মালিকপক্ষ আকামা নবায়ন করেনি বা তা বাতিল করে শ্রমিকদের দেশে পাঠিয়ে দিচ্ছে জানিয়ে তারা বলেন, এ ক্ষেত্রে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস তাদের কোনো সহযোগিতা করেনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনই ব্যবস্থা নেয়া না হলে সমস্যাটি বড় আকার ধারণ করবে বলে জানান তারা।

সৌদি প্রেস এজেন্সির সংবাদ অনুযায়ী, কাজ করার নিয়ম লঙ্ঘনের দায়ে প্রায় ৩৮ লাখ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৫২১ জনকে। গ্রেফতার হওয়া বিদেশিদের মধ্যে ২০১৭ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ৯ লাখ ৪০ হাজার ১০০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও সংবাদে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/এমবিএ/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন