জাতিসংঘের এবারের অধিবেশনে রোহিঙ্গা ইস্যু তুলে ধরা হবে: আব্দুল মোমেন
https://parstoday.ir/bn/news/bangladesh-i73769-জাতিসংঘের_এবারের_অধিবেশনে_রোহিঙ্গা_ইস্যু_তুলে_ধরা_হবে_আব্দুল_মোমেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা এবং এ বিষয়ে বেশকিছু অনুষ্ঠান অয়োজন করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ১৪:৪৬ Asia/Dhaka
  • পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা এবং এ বিষয়ে বেশকিছু অনুষ্ঠান অয়োজন করা হবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যতম বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আশ্রয়দানকারী হিসেবে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ে আয়োজিতব্য বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং নিজের অবস্থান তুলে ধরা অত্যাবশ্যক। উপরন্তু রোহিঙ্গা বিষয়ে বিশ্বনেতৃত্বের আগ্রহ, সার্বিক অবস্থান অব্যাহত রাখা এবং প্রত্যাবাসন ত্বরান্বিতকরণে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের জোরালো বক্তব্য ও অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়।

অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে নিউইয়র্কে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। সেখানে রোহিঙ্গা ইস্যুতে নিউইয়র্কে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে বৈঠক হবে। চীনের মধ্যস্থতায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি রোহিঙ্গা সংকট তুলে ধরবেন। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর নতুন করে সরকার গঠনের পর এই অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের নেতৃত্বে বিগত বছরগুলোতে অর্জিত বাংলাদেশের সাফল্যসমূহ তুলে ধরবেন। এর পাশাপাশি দেশে চলমান অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের কর্মপরিকল্পনা বিশ্ববাসীকে অবহিত করতে পারেন। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ সভায় সক্রিয়ভাবে অংশ নেবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন