'সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের ওপর অত্যাচার বেড়েই চলেছে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i75115-'সৌদি_আরবে_বাংলাদেশি_নারী_শ্রমিকদের_ওপর_অত্যাচার_বেড়েই_চলেছে'
'সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নির্যাতনের শিকার হওয়া বাংলাদেশি নারী কর্মীরা প্রবাসীকল্যণ মন্ত্রণালয়ে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নারীদের নির্যাতনের জন্য সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেকাংশে দায়ী।'
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৯, ২০১৯ ১৪:৪৩ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন গোলাম মোস্তফা ভুঁইয়া
    বক্তব্য রাখছেন গোলাম মোস্তফা ভুঁইয়া

'সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নির্যাতনের শিকার হওয়া বাংলাদেশি নারী কর্মীরা প্রবাসীকল্যণ মন্ত্রণালয়ে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছে না। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নারীদের নির্যাতনের জন্য সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনেকাংশে দায়ী।'

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নারী শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক মানববন্ধনের এ অভিযোগ করা হয়েছে।

এক মানববন্ধনে উপস্থিত থেকে বাংলাদেশ ন‌্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুঁইয়া বলেছেন, আমাদের দেশের নারী শ্রমিকরা মধ্যপ্রাচ্যে গৃহকর্মী হিসেবে চাকরি পেলেও তারা কার্যত পালাক্রমে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের নিরাপত্তা না থাকায় তারা সহিংসতার শিকার হচ্ছেন। নিরাপত্তাহীনতার মধ্যে শ্রমিকদের পাঠানোর কারণে অত্যাচার, নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। সৌদি আরবে নারীদের ওপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এখন আর চুপ থাকার সময় নেই। সীমা ছাড়িয়ে গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে নারীদের ওপর নির্যাতনের কারণে শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া ও পাকিস্তান নারী কর্মী পাঠানো বন্ধ করেছে। অথচ নারী নির্যাতনের ঘটনায় আমাদের দেশের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কিছুই করছে  না। তাদের কাছে অভিযোগ করেও কোনো সাড়া পাননি নির্যাতিত নারীরা।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, নারী শ্রমিকরা বিদেশে কাজ করতে গিয়ে যে নির্যাতনের শিকার হন, তা সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে না। এমনকি বিদেশে যে দূতাবাস রয়েছে, তারাও কোনো খোঁজ-খবর নিচ্ছে না। যারা নারীদের বিদেশে পাঠাচ্ছে, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।

মানববন্ধনে অ‌্যাডভোকেট সাইফুল ইসলাম, মুহম্মদ মফিজুর রহমান লিটন, সাংবাদিক মতিউর রহমান সরদার প্রমুখ বক্তব্য রাখেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।