পরাজয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি : কাদের
-
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগ স্বচ্ছ প্রার্থী মনোনয়ন দেয়ায় তাদের পক্ষে জনতার ঢল নেমেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, ঢাকা সিটিতে জয়ের জন্য কোন বাস্তব পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি বিএনপি। নিশ্চিত পরাজয় জেনেই তারা ইভিএম নিয়ে বিষোদগার করছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
আজ (শনিবার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময়, নির্বাচন কমিশন যে পদ্ধতিতে ভোটগ্রহণ করবে আওয়ামী লীগ তা মেনে নেবে বলেও জানান তিনি।
বিএনপির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ১১ বছর ধরে ক্ষমতায়। সরকার দলীয় প্রার্থী ছাড়া অন্য কাউকে ভোট দিলে সিটি করপোরেশনের উন্নয়ন হবে না বলে নগরবাসী জানে। তারা জানে বিএনপির প্রার্থীকে ভোট দিলে কোনো উন্নয়ন হবে না।
সরস্বতী পূজার দিনে ভোটগ্রহণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তন করার দাবিতে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা অনশন করছে। শেষে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে তারিখের বিষয়ে নির্বাচন কমিশনার এখনো অনড় অবস্থানে আছে, সে অধিকার তাদের আছে। আমরা কোনো সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দিতে পারি না। তারা যদি মনে করে, ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনা করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। হিন্দু মহাজোট পুরো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করলে আওয়ামী লীগ বা সরকারের কোনো আপত্তি নেই। এটির এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশন সংক্ষুব্ধদের সঙ্গে বসবেন এবং এর মীমাংসা করবেন।#
পার্সটুডে/ শামস মন্ডল/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।