নতুন নির্বাচন দাবি বিএনপির: কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান আ. লীগের
-
ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু ও কারচুপি মুক্ত হয়েছে বলে আবারও দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ইভিএমএ কারচুপির কোনো সুযোগ নেই। জনগণ বিএনপির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে, যার প্রমাণ তাদের হরতাল কর্মসূচি।
বিএনপির ফলাফল বর্জন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে হেরে গেলে ফলাফল কেউই মানতে চায় না। এসময় তিনি বিএনপিকে অভিযোগ না করে সংগঠনকে শক্তিশালী করার পরামর্শ দেন।
এদিকে, সিটি নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বিএনপি মহাসচিব বলেন, 'আবারো প্রমাণ হলো ক্ষমতাসীন দলের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি এবং এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সুতরাং এই নির্বাচনের ফলাফলকে বাতিল করে দিয়ে আমরা নতুন করে নির্বাচনের আহ্বান জানাচ্ছি।'
সংবাদ সম্মেলনে বিএনপি মহাচিব বলেন, নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে পারলেই, চলমান সংকটের সমাধান সম্ভব।
নির্বাচনের চারদিন পর অনিয়ম-জালিয়াতির নানা চিত্র তুলে ধরতেই, ঢাকা উত্তর ও দক্ষিণের বিএনপির দুই মেয়র প্রার্থীর এ সংবাদ সম্মেলন।
প্রথমে উত্তরের অনিয়মের চিত্র তুরে ধরেন তাবিথ আউয়াল। তার অভিযোগ, এ নির্বাচনে ক্ষমতাসীনদের কৌশল ছিল ভোটাররা যাতে ভোট না দিতে পারে। দাবি জানান, অবিলম্বে সব নির্বাচন বন্ধ রেখে, ঢাকা সিটি নির্বাচনের সব তথ্য প্রকাশের। আর দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ, মনগড়া ও বানোয়াট ফলাফল প্রকাশ করা হয়েছে এই নির্বাচনে। কিছু কিছু ইভিএমে ধানের শীষ মার্কাই ছিল না। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর কাছে প্রিজাইডিং অফিসাররাও ছিল অসহায়।
সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন বলেন, নির্বাচনের নামে তামাশা হয়েছে। অবিলম্বে সব নির্বাচন বন্ধ রেখে, আগে ঢাকা সিটি নির্বাচনের সব তথ্য প্রকাশের দাবি জানান তারা।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।