শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা অমানবিক মনোভাবের বহিঃপ্রকাশ: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i80507-শ্রমিক_ছাঁটাইয়ের_ঘোষণা_অমানবিক_মনোভাবের_বহিঃপ্রকাশ_রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের প্রণোদনার ৫ হাজার কোটি টাকা নেয়ার পরও পোশাক কারখানা মালিকদের শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা চরম অমানবিক ও মানবতাবিরোধী মনোভাবেরই বহিঃপ্রকাশ। আজ (রোববার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০২০ ১৩:০৬ Asia/Dhaka
  • বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের প্রণোদনার ৫ হাজার কোটি টাকা নেয়ার পরও পোশাক কারখানা মালিকদের শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা চরম অমানবিক ও মানবতাবিরোধী মনোভাবেরই বহিঃপ্রকাশ। আজ (রোববার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, জুন মাস থেকে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণায় পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রণোদনার পাঁচ হাজার কোটি টাকা নেয়ার পর মালিকদের এই ঘোষণা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পোশাক শিল্প মালিকদের এই ঘোষণায় অন্য কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি’র এ নেতা উল্লেখ করেন, আপতকালীন ৫ হাজার কোটি টাকার প্রণোদনার বাইরে তাদের নগদ সহায়তা দেয় সরকার। কাঁচামাল আমদানিতে রেয়াত দেয়া হয়। এত সুবিধা পাওয়ার পরও এই চরম দুঃসময়ে তারা হঠাৎ করেই শ্রমিক ছাঁটায়ের এই ঘোষণা দিয়ে অমানবিক কাজ করেছেন।

রিজভী আরও বলেন, ইতিমধ্যে পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই অব্যাহত আছে। লকডাউন শুরুর পর থেকে প্রায় ৭০ হাজার শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাদের রুজি রোজগার বন্ধ হওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এই সময়ে শুধু ব্যবসার কথা চিন্তা করে ছাঁটাই অন্যায্য।

বিএনপির এ নেতা বলেন, এদিকে বিজিএমই এখন পর্যন্ত ২৬৪ জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত বলে শিকার করলেও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা। শ্রমিকরা করোনায় আক্রান্ত হলে তাদের পুরো দায়িত্ব বিজিএমইএর নেয়ার কথা থাকলেও তারা নিচ্ছে না। শ্রমিকদের জীবন জীবিকাকে আমলে না নিয়ে ছাঁটাইয়ের কথা বলা চরম অমানবিক ও মানবতাবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।