রেড জোন এলাকায় ইবাদত-উপাসনা ঘরে বসে পালন করুন: ধর্ম মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/bangladesh-i80774-রেড_জোন_এলাকায়_ইবাদত_উপাসনা_ঘরে_বসে_পালন_করুন_ধর্ম_মন্ত্রণালয়
বাংলাদেশে মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে রেড জোন এলাকায় সর্বসাধারণকে ইবাদত-উপাসনা নিজ নিজ ঘরে থেকে পালনের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণাল‌য়ের এক নি‌র্দেশনায় এ আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৮, ২০২০ ১৫:০৭ Asia/Dhaka
  • রেড জোন এলাকায় ইবাদত-উপাসনা ঘরে বসে পালন করুন: ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে রেড জোন এলাকায় সর্বসাধারণকে ইবাদত-উপাসনা নিজ নিজ ঘরে থেকে পালনের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণাল‌য়ের এক নি‌র্দেশনায় এ আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, বর্তমান বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস (কোভিড-১৯) রোগের চলমান ঝুঁকি বিবেচনায় দেশের যেকোনো ছোট বা বড় এলাকাকে লাল, হলুদ বা সবুজ জোন হিসাবে চিহ্নিত করার কার্যক্রম নিয়েছে। এরইমধ্যে কিছু এলাকায় প্রাথমিকভাবে পরীক্ষামূলক জোনিং সিস্টেম বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। 

বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে রেড জোন হিসাবে চিহ্নিত এলাকাগুলোতে মসজিদের খতীব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্য সাধারণ মুসল্লিদের নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুমার জামায়াতে অংশ নেওয়ার পরিবর্তে ঘরেই যোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, রেড জোন হিসাবে চিহ্নিত এলাকার মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ পাঁচ ওয়াক্তের নামাজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনধিক ৫ জন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। 

এ সময়ে সারাদেশে কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলীগি তালীম বা মিলাদ মাহফিল বা কোনো ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবেন না। সবাই ব্যক্তিগতভাবে তিলাওয়াত, যিকির ও দু’আর মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির প্রার্থনা করবেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ভয়াবহ মহামারি আকার ধারণ করায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ৬ এপ্রিল বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের জনসাধারণের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে ইবাদত/উপাসনা করার নির্দেশ দেয়।  পরে ৬ মে বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত নিষেধাজ্ঞা শিথিল করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে সুস্থ মুসল্লিদের উপস্থিতিতে জামায়াতে নামাজের অনুমতি দেয়।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।