বান্দরবানে ঘরে ঢুকে জনসংহতি সমিতির ৬ সংস্কারপন্থীকে গুলি করে হত্যা
https://parstoday.ir/bn/news/bangladesh-i81258-বান্দরবানে_ঘরে_ঢুকে_জনসংহতি_সমিতির_৬_সংস্কারপন্থীকে_গুলি_করে_হত্যা
বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় ঘরে ঢুকে গুলি চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ছয় সদস্যকে হত্যা করা হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
জুলাই ০৭, ২০২০ ১২:২১ Asia/Dhaka
  • বান্দরবানের বাঘমারা এলাকায় যৌথ বাহিনীর সতর্ক অবস্থান
    বান্দরবানের বাঘমারা এলাকায় যৌথ বাহিনীর সতর্ক অবস্থান

বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় ঘরে ঢুকে গুলি চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ছয় সদস্যকে হত্যা করা হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল আলম চৌধুরী জানিয়েছেন, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে বান্দরবান শহর থেকে ১০ কিলোমিটার দূরে সদর উপজেলার বাঘমারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- জেএসএসের সংস্কারপন্থী গ্রুপের জেলা সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা।  নিহতরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রতন তঞ্চঙ্গার বাসায় নাশতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমএন লারমা গ্রুপের কয়েকজন সদস্য। এমন সময় সশস্ত্র একদল সন্ত্রাসী তাদের ঘেরাও করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা নামে আরও দুই কর্মী। 

এদিকে, ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছে। বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।