সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে ছাড় দেবে না জামায়াত
https://parstoday.ir/bn/news/event-i157138-সরকার_জুলাই_সনদ_বাস্তবায়নে_উদ্যোগ_না_নিলে_ছাড়_দেবে_না_জামায়াত
বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে। তবে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নেয় তাহলে ছাড় দেবে না জামায়াতে ইসলামী।
(last modified 2026-02-19T13:19:53+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:০৬ Asia/Dhaka
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. শফিকুর রহমান
    সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা হয়েছে। তবে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নেয় তাহলে ছাড় দেবে না জামায়াতে ইসলামী।

আজ (বুধবার) সকালে রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকার মনিপুর স্কুলের সামনে "ক্লিন ঢাকা গ্রীণ ঢাকা" কর্মসূচির অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে তিনি এসব কথা বলেন।  

এসময় তিনি সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেছেন।

জামায়াতের আমির বলেন, "আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে।"

মনিপুরের বাইতুন নূর মসজিদের সামনে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন ডা. শফিকুর রহমান

তিনি আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।

এসময় ডা. শফিকুর রহমান বলেন, প্রতিদিন ফজরের পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর, কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আশা করেন- এ কাজে সরকার ফান্ডিং ঠিক রাখবে। ঢাকা থাকলে প্রতিদিন ময়লা পরিষ্কার করবেন, ঢাকার বাইরে থাকলে সেখানেও একই কাজ করবেন বলে জানান জামায়াত আমির।#

পার্সটুডে/এমএআর/১৮