জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরুর আগেই ৭৭ দেশের প্রতিনিধিদের ওয়াকআউট
-
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ঠিকমতো শুরু হওয়ার আগেই প্রতিনিধিরা সভাকক্ষ থেকে বের হতে শুরু করেন।
পার্সটুডে- আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক মারিও নুফেল জাতিসংঘের সাধারণ পরিষদে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ শুরুর সময় বহু দেশের প্রতিনিধিদের সভাকক্ষ ত্যাগের ঘটনা উল্লেখ করে বলেছেন, নেতানিয়াহুর কথা শোনার মতো আর কিছু নেই।
ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে জানায়, আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক মারিও নুফেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ঠিকমতো শুরু হওয়ার আগেই প্রতিনিধিরা সভাকক্ষ থেকে বের হতে শুরু করেন।
তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী উপস্থিত প্রতিনিধিদের প্রতিবাদ ও দুয়োধ্বনির মুখোমুখি হন। তার প্রতিবাদে বহু দেশের প্রতিনিধি সাধারণ পরিষদের হল ত্যাগ করেন। ফলে নেতানিয়াহুর ভাষণের শুরুর মুহূর্তগুলোই কূটনৈতিক উত্তেজনার এক দৃশ্যে পরিণত হয়।
এই গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিশ্বের মানুষের উদ্দেশে বক্তব্য দিতে এসেছিলেন। কিন্তু তিনি কথা শুরু করার আগেই বিশ্বের একটি অংশ যেন সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল—নেতানিয়াহুর আর শোনানোর মতো কোনো কথা নেই।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, জাতিসংঘের অধিবেশনে উপস্থিত ৭৭টি দেশের প্রতিনিধি বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের শুরুতে সভাকক্ষ ত্যাগ করেন। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, আরব দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি সভাকক্ষে থেকে যান।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি রিম আল-হাশেমি নেতানিয়াহুর বক্তব্যের সময় জাতিসংঘের সভাকক্ষ ত্যাগ করেননি।
জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের নেতা ও প্রতিনিধিরা ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন। অধিবেশনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
পার্সটুডে/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।