বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, বিরোধীদলীয় নেতার অভিনন্দন
-
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে এবং ৬টি ব্যালট অব্যবহৃত থেকে যায়। নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন মির্জা ফখরুল। তিনি ২৫৫টি ভোট পেয়ে জয়লাভ করেন, অন্যদিকে কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮টি ভোট। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ শুভেচ্ছা জানান। ভোটগ্রহণ প্রক্রিয়ায় সংসদ সদস্যরা নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে ভোট দেন; যেখানে প্রথম ভোটটি দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক অভিনন্দন বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "নতুন রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন।" একই সাথে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অপরদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বিদায়ের পূর্বে তাঁকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিদায়কালে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সচিববৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বাধীন করতে সংবিধান সংশোধনের উদ্যোগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুপুরে জাতীয় সংসদে সাংবাদিকদের তিনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের, যাতে ভবিষ্যতে সংসদ সদস্যরা দলীয় চাপের বাইরে গিয়ে গোপন ব্যালটে স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি জানিয়েছেন, বর্তমান নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকলেও প্রস্তাবিত পরিবর্তনটি আসলে এমপিরা কোনো বাধা ছাড়াই তাঁদের মতামত প্রকাশ করতে পারবেন।#
পার্সটুডে/এমএআর/২০