কোভিড-১৯ রোগের সনদ জালিয়াতি: সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ
https://parstoday.ir/bn/news/bangladesh-i81401-কোভিড_১৯_রোগের_সনদ_জালিয়াতি_সাহেদ_সাবরিনার_ব্যাংক_হিসাব_জব্দ
পরীক্ষা না করে কোভিড-১৯ রোগের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম এবং জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী ও রিজেন্ট হাসপাতালের পরিচালক ইব্রাহিম খলিলের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৩, ২০২০ ০৮:০৮ Asia/Dhaka
  • মো. সাহেদ ও ডা. সাবরিনা আরিফ চৌধুরী
    মো. সাহেদ ও ডা. সাবরিনা আরিফ চৌধুরী

পরীক্ষা না করে কোভিড-১৯ রোগের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম এবং জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী ও রিজেন্ট হাসপাতালের পরিচালক ইব্রাহিম খলিলের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) তাদের ব্যাংক হিসাব জব্দ করে। পাশাপাশি সব তফসিলি ব্যাংককে চিঠি দেয়া হয়েছে। ওই চিঠিতে আাগামী ৭ দিনের মধ্যে তাদের নামে থাকা ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে। রোববার এনবিআরের সিআইসি থেকে ওই চিঠি দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের সিআইসির একজন কর্মকর্তা জানিয়েছেন, কর নথিতে থাকা তাদের আয়-ব্যয় খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া রিজেন্ট হাসপাতাল, রিজেন্ট কেসিএস, জেকেজি হেলথকেয়ার, ওভাল গ্রুপ লিমিটেডের যাবতীয় ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওভার গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি ১৫ হাজার ৪৬০ টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করে। আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, জেকেজির ৭-৮ কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করেন। সেজন্য গতকাল জেকেজি চেয়ারম্যান সাবরিনাকে গ্রেফতারও করেছে পুলিশ। এছাড়া করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালকে সিলগালা করেছে প্রশাসন। আর হাসপাতালটির মালিক করোনা পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসা উভয় ক্ষেত্রেই প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।