ভারত সীমান্তে আবারো এক বাংলাদেশিকে গুলি করে হত্যা
https://parstoday.ir/bn/news/bangladesh-i82966-ভারত_সীমান্তে_আবারো_এক_বাংলাদেশিকে_গুলি_করে_হত্যা
বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে এবং বিশ্বে অনুকরণীয় বলে দাবি করা হলেও সীমান্তে বিএসএফ-এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ হচ্ছে না।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২০ ১৯:৫৪ Asia/Dhaka
  • ভারত সীমান্তে আবারো এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে এবং বিশ্বে অনুকরণীয় বলে দাবি করা হলেও সীমান্তে বিএসএফ-এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ হচ্ছে না।

চলতি মাসের প্রথম দশদিনে সীমান্তে বিএসএফ অন্তত: তিনজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। সর্বশেষ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরেও ঠাকুরগাঁওয়ের বেউরঝাড়ি সীমান্তের কাছে নাগর নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)'র গুলিতে নিহত হয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলার ছোট চড়ুইগাতি গ্রামের আব্দুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম ওরফে খোটা মোহাম্মদ (৩০)।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান, দুপুর পৌনে ১২টার দিকে বেউরঝাড়ি সীমান্ত পিলার বরাবর নাগর নদীতে ৪-৫ জন স্থানীয় জেলে মাছ ধরছিলেন। এক পর্যায়ে তারা ভারতের ৫০ গজ অভ্যন্তরে চলে যান। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। পরে বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা। এর আগে ০৫ সেপ্টেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে মোহাম্মদ বাদশা নামে এক বাংলাদেশি নিহত হন। নিহত বাদশা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের তেলকুপি গ্রামের মোঃ রফিকের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার ((০৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাদশা তেলকুপি সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা জানিয়েছেন বাদশা দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত। ঘটনার সময় তিনি মাদক চোরাচালানের জন্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া, গত ৩ সেপ্টেম্বর, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।নিহত ছবিল উদ্দিন নারায়ণপুর ইউনিয়নের আইড়মারীচর গ্রামের বাসিন্দা মুসা আলীর ছেলে। নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান ও স্থানীয়রা জনিয়েছে, বিএসএফ-৪১ ব্যাটালিয়নের সদস্যদের গুলিত আহত ছবিলকে বাড়িতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ গুলিতে ছবিল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেছেন, সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে টহলরত বিজিবি সীমান্তে কোনো লাশ পায়নি।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।