ক্লাব কার্যক্রম
নরসিংদীতে বেতার শ্রোতা ফাউন্ডেশনের শ্রোতা আড্ডায় রেডিও তেহরান
-
বক্তব্য রাখেন ‘আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’র সভাপতি মোঃ শাহাদত হোসেন
জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার ‘বেতার শ্রোতা ফাউন্ডেশন’ ও ‘বানিয়াছল বেতার বন্ধু সংসদ’র উদ্যোগে নরসিংদী জেলার পাঁচদোনায় দেবালেরটেকে দিনব্যাপী শ্রোতা-আড্ডার আয়োজন করা হয়। বিশিষ্ট বেতার বন্ধু হোসাইন মুসা ও শাহাদাত মেম্বারের আয়োজনে মিলন-মেলায় সারা দেশ থেকে প্রায় শ’খানেক শ্রোতা উপস্থিত ছিলেন।
দেবালেরটেকের বিশাল বটতলায় অত্যন্ত আনন্দঘন দিন কাটে দেশের প্রখ্যাত শ্রোতাদের। অনুষ্ঠানের প্রথমেই শুরু হয় পরিচিতি পর্ব ও সংক্ষিপ্ত আলোচনা। অন্যান্য শ্রোতাদের সাথে আলোচনায় অংশ নেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও ‘আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’র সভাপতি মোঃ শাহাদত হোসেন, ‘আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব’র সভাপতি আতাউর রহমান রঞ্জু, ‘বানিয়াছল বেতার বন্ধু সংসদ’র সভাপতি হোসাইন মুসা, ‘চড়ুইভাতি বেতার শ্রোতা ক্লাব’র সভাপতি শাহাদাত মেম্বার, বাংলাদেশ বেতারের মুখ্য উপস্থাপক জনাব মাহবুব সোবহান, উপস্থাপক জনাব মোহাম্মদ সাদিক হোসেন, উপস্থাপক জনাব মামুন-উর-রশিদ, প্রযোজক আবুল কালাম প্রমুখ ব্যক্তিবর্গ।
আমন্ত্রিত অতিথি ও আলোচকগণ এ মিলনমেলা আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং বেতারের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া যারা এ অনুষ্ঠানে স্পন্সর করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে রেডিও তেহরানের পরিচিতিমূলক ব্রুশিয়ার বিতরণ করা হয়।

মিলনমেলায় আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন তাঁর বক্তব্যে রেডিও তেহরানের প্রসঙ্গটি তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সবাই অবশ্যই নিয়মিত বাংলাদেশ বেতার শুনব। তবে তার পাশাপাশি আন্তর্জাতিক বেতার কেন্দ্রের অনুষ্ঠানও শোনা উচিত। বর্তমান বিশ্বে রেডিও তেহরান সঠিক, তরতাজা, নিরপেক্ষ ও ইসলামী বিশ্বের খবরাখবর গুরুত্ব সহকারে প্রচার করছে। এছাড়া ইরান ও ইসলাম সম্পর্কে বেশ কিছু তথবহুল অনুষ্ঠান প্রচার করছে। তাই বিশ্বকে জানতে, ইরানকে জানতে প্রত্যেক শ্রোতারই রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা প্রয়োজন।”
এরপর ‘ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব’র সভাপতি মোঃ জামাল আহমেদ সুবর্ণের অনুরোধে তিনি কখন ও কিভাবে রেডিও তেহরান শোনা যায়, তা উপস্থিত শ্রোতাদেরকে অবহিত করেন এবং সবাইকে অনুরোধ করেন রেডিও তেহরানের প্রদত্ত ব্রুশিয়ারটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
আলোচনার পর ছিল উন্মুক্ত সময়। এসময় শ্রোতারা ঘুরে ঘুরে বিশাল বট বাগান ও গ্রামীণ সৌন্দর্য উপভোগ করেন। নামাজ ও দুপুরের খাবারের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথমেই বেতার শ্রোতা ফাউন্ডেশন কর্তৃক স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় ফুটবল-প্রেমী ও ক্রিকেট-প্রেমীদের মধ্যে খেলাধূলার সামগ্রীও বিতরণ করা হয়।

অতঃপর শ্রোতা আড্ডায় উপস্থিত শ্রোতারা কবিতা, গান ও কৌতুক পরিবেশন করেন। দারুণ উপভোগ্য ছিল এ পর্বটি। ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাবের আলো আহমেদের কবিতায় মুগ্ধ হয়েছেন সবাই। এ পর্ব শেষ করেই শুরু হয় পুরুষ ও মহিলাদের খেলা। দুটো ইভেন্টই উপস্থিত সবাইকে আনন্দ দিয়েছে। আনন্দ দিয়েছে লটারি পর্বটিও। একেকটি কুপন উঠে, আর উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন। হাসি, আনন্দ আর আড্ডার এ এক মহামিলন।
সবশেষে বেতার শ্রোতা ফাউন্ডেশন ও বানিয়াছল বেতার বন্ধু সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত সবাই মিলে দেবালেরটেকের বট-বাগানে বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
শ্রোতা আড্ডা আয়োজনের স্থান, মঞ্চ-বিন্যাস, শ্রোতাদের উপহার সামগ্রী, খাবার ও পরিবেশ ছিল প্রশংসনীয়। উল্লেখ্য যে, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ থেকে উক্ত শ্রোতা মিলনমেলায় ৬ জন শ্রোতা অংশগ্রহণ করেন।
বার্তাপ্রেরক
শরিফা আক্তার পান্না
অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।