সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i98896-সাম্প্রদায়িক_সহিংসতা_নিয়ে_সরকার_ও_বিরোধী_দলের_পাল্টাপাল্টি_অভিযোগ_অব্যাহত
ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়। আর এ বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২০, ২০২১ ১৫:২২ Asia/Dhaka

ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়। আর এ বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা।

আজ  বুধবার (২০ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন।  

বিএনপি সংখ্যালঘুদের শত্রু মনে করে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তারা ভেবেছে পূজামণ্ডপে হামলা করলে সরকারের উপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে আর ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে। ঈদে মিলাদুন্নবির দিনে মহানবী (সা.) এর বাণী মনে করিয়ে দিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে দেশের মুসলমানদের প্রতি আহ্বান জানান কাদের

ওদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম পাল্টা অভিযোগ করে  বলেন, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশটাভাগ করে ফেলেছে।  মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এক হয়েছিলাম স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সব ভাগ করে ফেলেছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির উদ্দ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগনের মৌলিক সমস্যাগুলি থেকে দৃষ্টি সরিয়ে  দিতে সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছে। অপরদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, যারা রাতে ভোট ডাকাতি করে, তাদের জনগণের প্রতি কোনও দায়বদ্ধতা থাকে না। সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে সরকারকে রাতে ভোট ডাকাতি ও দলীয় শাসন বন্ধ করতে হবে। কুমিল্লার নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে সংঘটিত অপ্রীতিকর তাণ্ডবের ঘটনাস্থল আজ বুধবার (২০ অক্টোবর) সরজমিন পরিদর্শন শেষে আসম রব  উল্লেখ করেন,  জনগণ আর দলীয় সরকার চায় না। স্বাধীনতার পর দলীয় সরকারের যে কী পরিণতি হতে পারে, আজকের হিন্দুদের মন্দিরে ও বাড়িঘরে হামলাই এর প্রমাণ। মানুষ মুক্তিযুদ্ধ ও জনগণের সরকার চায়, দলীয় সরকার নয়।’

সরকারি কলেজ শিক্ষিকা আটক

ওদিকে, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার উস্কানি দেবার অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে তার নিজ বাসা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‍্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। ভিডিওটি অনেক আগের এবং সাম্প্রতিক  কোনো ঘটনার সাথে সম্পর্কিত নয় । এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক তথ্য ছড়িয়েছেন। ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এমন আশঙ্কা থেকে   তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।