মস্কোর সিদ্ধান্ত জানালেন রুশ উপ প্রধানমন্ত্রী
রাশিয়ার নেতৃত্বাধীন আরেকটি অর্থনৈতিক সংস্থার সদস্য হচ্ছে ইরান
-
রুশ উপ প্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক
ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইএইইউ’র পর্যবেক্ষক সদস্য হওয়ার ইরানি আবেদনকে স্বাগত জানিয়েছে রাশিয়া।
রুশ উপ প্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক মঙ্গলবার মস্কোর এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ ইরানকে ইএইইউ’র পর্যবেক্ষক সদস্যের মর্যদা দেয়া হবে।
তিনি মস্কোয় ইউরেশিয়ান আন্তঃসরকার বিষয়ক পরিষদের বৈঠকের পর আরো বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের পরিধি বাড়াতে রাশিয়া তার আগ্রহ প্রকাশ করছে।”
রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরঘিজিস্তান ও আর্মেনিয়াকে নিয়ে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন গঠিত হয়েছে এবং মোলদোভা ও কিউবা এরইমধ্যে এই সংস্থার পর্যবেক্ষক সদস্য হয়েছে। বিশ্ব অর্থনীতির ওপর পাশ্চাত্যের একচ্ছত্র আধিপত্য মোকাবিলা করার লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বে যেসব অর্থনৈতিক সংস্থা গঠিত হয়েছে এটি তার অন্যতম।
ইরান এর আগে রাশিয়ার নেতৃত্বাধীন সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিকসের সদস্য হয়েছে। বিশ্ববাজারে মার্কিন ডলারের প্রভাব খর্ব করার লক্ষ্যে বর্তমানে একটি অভিন্ন মুদ্রা চালু করার বিষয়টি বিবেচনা করছে ব্রিকস।
ইরান গত ডিসেম্বর ইএইইউ’র সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী সংস্থাটির সদস্য দেশগুলোতে ৮৭ শতাংশ ইরানি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। সেজন্য ইরানকেও ওইসব দেশকে একই সুবিধা দিতে হবে। চুক্তিটি সংস্থাভুক্ত দেশগুলোর পাশাপাশি ইরানের পার্লামেন্টে অনুমোদিত হওয়ার পরই কেবল বাস্তবায়ন শুরু হবে।
রাশিয়ার পার্লামেন্ট দুমা এরইমধ্যে গত সপ্তাহে চুক্তিটি অনুমোদন করেছে। রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন মঙ্গলবার বাকি সদস্য দেশগুলোর পার্লামেন্টগুলোকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। #
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।