ইরাকে ‘ফলস ফ্ল্যাগ’ ষড়যন্ত্রের আশঙ্কা: কুর্দি বন্ধুদের সতর্ক থাকার আহ্বান ইরানের
https://parstoday.ir/bn/news/iran-i162272-ইরাকে_ফলস_ফ্ল্যাগ’_ষড়যন্ত্রের_আশঙ্কা_কুর্দি_বন্ধুদের_সতর্ক_থাকার_আহ্বান_ইরানের
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পরিকল্পিত ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পতাকা অভিযান সম্পর্কে ইরানের কুর্দি বন্ধুদের সতর্ক থাকতে হবে।
(last modified 2026-08-18T09:39:00+00:00 )
আগস্ট ১৮, ২০২৬ ১৫:১৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে পরিকল্পিত ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পতাকা অভিযান সম্পর্কে ইরানের কুর্দি বন্ধুদের সতর্ক থাকতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও হামলাটিকে নিন্দা জানিয়ে এটিকে অত্যন্ত সন্দেহজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাকচি বলেন, প্রধানমন্ত্রী মাসরুর বারজানির কার্যালয়ে এই বেপরোয়া হামলার কোনো যৌক্তিকতা নেই। তিনি কুর্দি বন্ধুদের এমন ‘ফলস ফ্ল্যাগ’ কৌশল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান, যেগুলো প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে পরিকল্পিত হতে পারে।

তিনি আরও বলেন, সাদ্দাম ও দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের সময় ইরান তার কুর্দি বন্ধুদের সমর্থন করেছে এবং ইরানের সীমান্তে তারা যে নিরাপত্তা নিশ্চিত করছে, তার জন্য ইরান কৃতজ্ঞ।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গণমাধ্যমে প্রকাশিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানির কার্যালয়ে ড্রোন হামলার খবর নিন্দা করে বলেন, ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক এবং সতর্কতা ও গভীর মনোযোগের সঙ্গে বিষয়টি পর্যালোচনা করা প্রয়োজন।

বাকায়ি বলেন, ইরাক ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও আরও শক্তিশালী করার বিষয়ে  ইরান দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে দুই দেশের জনগণের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে শত্রুপক্ষের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক ও সক্রিয় হতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ইরাকের কর্মকর্তারা এর আগেও সতর্ক করে বলেছেন যে দেশটিতে কিছু বিদেশি পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সেল শনাক্ত করা হয়েছে, যারা ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিল। এ কারণে পরিস্থিতিতে সব পক্ষের আরও বেশি সতর্কতা ও সচেতনতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।#

 

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।