শত্রুকে কৌশলগত আকস্মিকতার ও আগাম হামলার হুঁশিয়ারি দিল ইরান
https://parstoday.ir/bn/news/event-i162262-শত্রুকে_কৌশলগত_আকস্মিকতার_ও_আগাম_হামলার_হুঁশিয়ারি_দিল_ইরান
পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন সিনিয়র কমান্ডার সতর্ক করে বলেছেন, শত্রুতা শুরু হওয়ার পর থেকে ইরানের সামরিক পদক্ষেপগুলো কঠোরভাবে প্রতিরক্ষামূলক থাকলেও প্রয়োজনে দেশটির সশস্ত্র বাহিনী পুরোপুরি আক্রমণাত্মক অবস্থান গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। তিনি প্রতিপক্ষকে ‘কৌশলগত আকস্মিকতার’ জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছেন।
(last modified 2026-08-17T14:45:21+00:00 )
আগস্ট ১৭, ২০২৬ ২০:১৬ Asia/Dhaka
  • ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি
    ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি

পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন সিনিয়র কমান্ডার সতর্ক করে বলেছেন, শত্রুতা শুরু হওয়ার পর থেকে ইরানের সামরিক পদক্ষেপগুলো কঠোরভাবে প্রতিরক্ষামূলক থাকলেও প্রয়োজনে দেশটির সশস্ত্র বাহিনী পুরোপুরি আক্রমণাত্মক অবস্থান গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। তিনি প্রতিপক্ষকে ‘কৌশলগত আকস্মিকতার’ জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছেন।

আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি রোববার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, সংঘাতের সূচনা প্রতিপক্ষই করেছে এবং এ পর্যন্ত ইরানের প্রতিক্রিয়াগুলো সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক।

তবে তিনি সতর্ক করে বলেন, এই প্রতিরক্ষামূলক অবস্থানের পরিবর্তন আসন্ন এবং এর মাধ্যমে ইরানের সামরিক কৌশলগত নীতিতে একটি গুরুত্বপূর্ণ ও রূপান্তরমূলক পরিবর্তন আসতে পারে।

জেনারেল জাভানি বলেন, “শত্রুর জানা উচিত, তারা আমাদের অপ্রস্তুত অবস্থায় ধরতে পারবে না। বরং শত্রুকেই কৌশলগত আকস্মিকতার জন্য প্রস্তুত থাকতে হবে।”

তিনি সম্প্রতি আইআরজিসির শীর্ষ কমান্ডারদের নিয়োগসংক্রান্ত আদেশের দিকে সরাসরি ইঙ্গিত করেন এবং বিশেষ করে নতুন কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আহমদ ওয়াহিদিকে দেওয়া দায়িত্বের বিষয়টি তুলে ধরেন।

জেনারেল জাভানি বলেন, নতুন কমান্ডারদের নিয়োগ সংক্রান্ত আদেশগুলো নিছক প্রশাসনিক পরিবর্তন নয়; বরং প্রতিপক্ষের প্রতি এটি একটি স্পষ্ট বার্তা যে আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলা ও তা অতিক্রম করার জন্য ইরানের সামরিক নীতিতে পরিবর্তন আনা হচ্ছে

জেনারেল জাভানির মতে, জেনারেল ওয়াহিদির নিয়োগ আদেশে “সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা” প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছে এবং একটি নতুন সামরিক কৌশল প্রবর্তন করা হয়েছে। এই কৌশল অনুযায়ী, এখন থেকে সশস্ত্র বাহিনীর যেকোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপই হুমকিগুলোকে আগেভাগেই নিষ্ক্রিয় করার লক্ষ্যে স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক রূপ ধারণ করবে। #

পার্সটুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।