সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ: নাঈম কাসেম
https://parstoday.ir/bn/news/event-i139326-সবচেয়ে_খারাপ_পরিস্থিতির_জন্য_পূর্ণ_প্রস্তুত_রয়েছে_হিজবুল্লাহ_নাঈম_কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, খুব শিগগিরই ইসরাইলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা না থাকলেও তার সংগঠন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০৬, ২০২৪ ০৬:৪৩ Asia/Dhaka
  • শেখ নাঈম কাসেম
    শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, খুব শিগগিরই ইসরাইলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা না থাকলেও তার সংগঠন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি শুক্রবার রাশিয়ার স্পুৎনিক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “অচিরেই ব্যাপকভিত্তিক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে না, তবে হিজবুল্লাহ সম্ভাব্য খারাপতম পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।”

শেখ নাঈম কাসেম বলেন, “হিজবুল্লাহ রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে নিজের সামরিক অবস্থান ঢেলে সাজায়নি বরং যুদ্ধক্ষেত্রের নিখুঁত তথ্যের ভিত্তিতে পূর্ণ প্রস্তুতি নিয়েছে।”

হিজবুল্লাহর উপ মহাসচিব বলেন, সার্বিক পরিস্থিতি দেখে গাজায় একটি যুদ্ধবিরতি অত্যাসন্ন মনে হচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধবিরতি মেনে নেয়ার জন্য শুধু যে তেল আবিবের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে তাই নয়, সেইসঙ্গে ইসরাইলের অভ্যন্তরেও প্রচণ্ড চাপের মুখে রয়েছে নেতানিয়াহু সরকার।

তিনি বলেন, ৬৭ শতাংশ ইসরাইলি নাগরিক এখন মনে করে, প্রধানমন্ত্রীর পদ ধরে রাখার কোনো যোগ্যতা নেতানিয়াহুর নেই; তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ইসরাইলি জনগণ উঠেপড়ে লেগেছে।

শেখ নাঈম কাসেম বলেন, গাজাবাসী ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমেরিকা ও ইসরাইলের মধ্যে কোনো পার্থক্য নেই; তাদের মধ্যে শুধুমাত্র এ সংক্রান্ত কৌশল নিয়ে মতপার্থক্য রয়েছে। ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী চান গাজায় সরাসরি ব্যাপকভিত্তিক গণহত্যা চালাতে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একই কাজ একটু ধীরেসুস্থে করতে চান। তবে যতদিন গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা চলে ততদিন হিজবুল্লাহ উত্তর ইসরাইলে দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬