আবার নিরাপদ অঞ্চলে আগ্রাসন চালিয়েছে ইসরাইল, ৫০ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/event-i139686-আবার_নিরাপদ_অঞ্চলে_আগ্রাসন_চালিয়েছে_ইসরাইল_৫০_ফিলিস্তিনি_শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা দক্ষিণ এবং মধ্য গাজার নিরাপদ অঞ্চলে নতুন করে আগ্রাসন চালিয়ে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০২৪ ০৬:১০ Asia/Dhaka
  • আবার নিরাপদ অঞ্চলে আগ্রাসন চালিয়েছে ইসরাইল, ৫০ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা দক্ষিণ এবং মধ্য গাজার নিরাপদ অঞ্চলে নতুন করে আগ্রাসন চালিয়ে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, খান ইউনুস শহরের উদ্বাস্তু জনগণের ওপর ইসরাইলি সেনারা হামলা চালালে অন্তত ১৭ জন ফিলিস্তিনি শহীদ হন। এসব মানুষ ঘরবাড়ি থেকে উদ্বাস্তু হয়ে কোনমতে খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করছিলেন। এই হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। খান ইউনুস শহরের নিরাপদ অঞ্চলে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তার মধ্যে এক পরিবারের দুটি শিশুসহ চারজন রয়েছেন।

এদিকে, মধ্য গাজার ঐতিহাসিক নুসাইরাত শরণার্থী শিবিরে ইহুদিবাদীদের গতকালের হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি শহীদ ও ৭৩ জন আহত হয়েছেন। সেখানে ইহুদিবাদীদের বিমান হামলায় জাতিসংঘ পরিচালিত আল-রাজি স্কুলটি বিধ্বস্ত হয়। স্কুলটিতে উদ্বাস্তু ফিলিস্তিনিরা অবস্থান করছিলেন।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতি জানিয়েছে, সাংবাদিক মোহাম্মদ মিশমিশ এবং তার ছেলে এই হামলায় শহীদ হন। মিশমিশের শাহাদতের মধ্য দিয়ে গাজায় ইহুদিবাদী সেনাদের আগ্রাসনে এ পর্যন্ত ১৬০ জন সাংবাদিক শহীদ হলেন। 

গতকাল দিনের শেষে গাজা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা হামলা চালায় এবং এতে অন্তত পাঁচজন শহীদ হন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭