গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল
-
মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আক্রান্ত আবদুল্লাহ আজম মসজিদ
অবরুদ্ধ গাজা উপত্যকার বুরেইজ, নুসেইরাত, গাজা শহর এবং জাবালিয়ায় গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী ইসরাইলের নৃশংস বিমান হামলায় অন্তত ৩৪ ফিলিস্তিনি শহীদ এবং ১০৯ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আজ (শনিবার) সকালে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি হামলায় কমপক্ষে ৮ জন শহীদ এবং কয়েকজন আহত হয়েছেন। দখলদার বাহিনী মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতেও বোমা বর্ষণ করে। এতে অন্তত তিনজন শহীদ হন।
এর আগে, নুসেইরাত শরণার্থী শিবিরের দুটি বাড়িতে হামলায় আটজন নিহত হন। এছাড়াও, গাজা শহরের একটি বাড়িতে হামলায় পাঁচজন শহীদ হয়েছেন।
জাতিসংঘের শীর্ষ আদালত ১৯৬৭ সালে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলের উপস্থিতিকে 'বেআইনি' বলে রায় দেওয়ার কয়েক ঘণ্টা পর এসব হত্যাকাণ্ডের খবর এলো।
গতকাল (শুক্রবার) আন্তর্জাতিক বিচার আদালত বলেছে, "অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত উপস্থিতি বেআইনি। যত দ্রুত সম্ভব এটির অবসান করার বাধ্যবাধকতা রয়েছে।"
১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব আল-কুদস এলাকা দখল করেছে।#
পার্সটুডে/এমএআর/২০