গাজায় ইসরায়েলি অপরাধে মার্কিন মদদ বন্ধের দাবি কংগ্রেস সদস্যের
-
মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য রাশিদা তালিব
পার্সটুডে—মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য রাশিদা তালিব গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলি বাহিনী গাজার একটি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে হামলা চালিয়েছে—এমন খবর প্রকাশের পর রাশিদা তালিব এই আহ্বান জানান।
ইরানের জাতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রতিনিধি তালিব রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “গাজায় গণহত্যা এখনও অব্যাহত রয়েছে। কোনো যুদ্ধবিরতিই কখনো কার্যকর হয়নি।” তিনি বলেন, ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। তাঁর ভাষায়, “শিশুরা যুক্তরাষ্ট্রে তৈরি বোমায় নিহত হচ্ছে। আর যারা বেঁচে যাচ্ছে, তাদের অনেককেই আজীবন মানসিক ও মনস্তাত্ত্বিক ক্ষত বয়ে বেড়াতে হবে।”
তালিব আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে অবশ্যই এই ভয়াবহ জাতিগত নিধনমূলক কর্মকাণ্ডে নিজেদের সহযোগিতা বন্ধ করতে হবে। তার এই বক্তব্যের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে গাজার একটি কিন্ডারগার্টেনে ইসরায়েলি বাহিনীর অভিযানের দৃশ্য দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, ওই হামলার সময় গুলিবিনিময়ের মধ্যে প্রায় ২০০ শিশু ভবনটির ভেতরে আটকা পড়ে।#
পার্সটুডে/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।