ইরানি সেনাপ্রধানের মন্তব্য
হানিয়ার শাহাদাতের অবশ্যই প্রতিশোধ নেয়া হবে এবং ইসরাইলকে অনুতপ্ত হতে হবে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্তহত্যার মাধ্যমে শহীদ করার জন্য ইসরাইলকে অবশ্যই অনুতপ্ত হতে হবে।
গতকাল (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে হামাস নেতার স্মরণে শোক মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের কাছে জেনারেল বাকেরি এই মন্তব্য করেন। হামাস নেতার শাহাদাতের ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল বাকেরি বলেন, “প্রতিশোধ অবশ্যই নেয়া হবে এবং বিভিন্নভাবে সেই প্রতিশোধ গ্রহণ করা হবে।” জেনারেল বাকেরি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ অবশ্যই বিনা জবাবে পার পাবে না।
এদিকে, ইরানি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট ইহুদিবাদী ইসরাইলের এই অপরাধের সমুচিত জবাব দেবে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
জেনারেল মুসাভি হামাস নেতা ইসমাইল হানিয়াকে প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান নেতা বলে আখ্যা দেন এবং তার শাহাদাত বরণ প্রতিরোধ ফ্রন্টের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২