এবার ইসরাইলবিরোধী প্রতিশোধমূলক হামলার সময় গোপন রাখা হবে: ইরান
https://parstoday.ir/bn/news/event-i140814-এবার_ইসরাইলবিরোধী_প্রতিশোধমূলক_হামলার_সময়_গোপন_রাখা_হবে_ইরান
তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবার ইরান ইসরাইলে যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার দিনক্ষণ সম্পর্কে তেল আবিবকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হবে। এ ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়িনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২১, ২০২৪ ০৬:১৭ Asia/Dhaka
  • এবার ইসরাইলবিরোধী প্রতিশোধমূলক হামলার সময় গোপন রাখা হবে: ইরান

তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবার ইরান ইসরাইলে যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার দিনক্ষণ সম্পর্কে তেল আবিবকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হবে। এ ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়িনি।

তিনি বলেন, ইরানের এবারের প্রতিক্রিয়া ইসরাইলের বিরুদ্ধে এর আগে চালানো অভিযানগুলোর মতোই হতে হবে এমন কোনো কথা নেই।

জেনারেল নায়িনি বলেন, ইসমাইল হানিয়াকে হত্যা করতে গিয়ে ইসরাইল কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছে যার একটিও অর্জিত হয়নি। ইহুদিবাদী শত্রু  মনে করেছিল, তারা গাজা উপত্যকার যুদ্ধে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে হানিয়াকে হত্যা করে তা পুষিয়ে নেবে। কিন্তু তাদের সে ধারনাকে ভুল প্রমাণ করে গাজায় হামাসের অবস্থান আরো শক্তিশালী হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসে গত ৩১ জুলাই তেহরানে ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশের শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা তাদের অতিথি ইসমাইল হানিয়াকে শহীদ করার ইসরাইলি পদক্ষেপের প্রতিশোধ নেয়ার হুমকি দেন।

এ সম্পর্কে আইআরজিসির মুখপাত্র আরো বলেন, ইরানের সেনা কর্মকর্তারা অ্যাকশনে যাওয়ার আগে সতর্কতার সঙ্গে এর সবগুলো দিক পর্যালোচনা করে দেখছেন।  তারা শত্রুর হিসাব-নিকাশ ব্যর্থ করে দিতে সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত সিদ্ধান্ত নিচ্ছেন। জেনারেল নায়িনি বলেন, সময় এখন ইরানের অনুকূলে এবং প্রতিশোধমূলক হামলাটির জন্য ইসরাইলকে দীর্ঘদিনও অপেক্ষা করতে হতে পারে। ততদিন ইহুদিবাদীদেরকে অবশ্যই ভারসাম্যহীন অবস্থায় থাকতে হবে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২১