মাদুরোর অপহরণে 'ইহুদিবাদী প্রভাব' রয়েছে: ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i155764-মাদুরোর_অপহরণে_'ইহুদিবাদী_প্রভাব'_রয়েছে_ভেনেজুয়েলার_ভারপ্রাপ্ত_প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত কর্তৃক নির্বাচিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণে 'ইহুদিবাদী প্রভাব' রয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৪, ২০২৬ ১৮:০৮ Asia/Dhaka
  • দেলসি রদ্রিগুয়েজ
    দেলসি রদ্রিগুয়েজ

ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত কর্তৃক নির্বাচিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণে 'ইহুদিবাদী প্রভাব' রয়েছে।

গতকাল (শনিবার) ভোরে মার্কিন সেনারা কারাকাসে বিমান হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যায়। এরপর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং দেশের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল গঠন করতে দেলসি রদ্রিগুয়েজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে।

নজিরবিহীন এই হামলায় যুক্তরাষ্ট্র ১৫০টিরও বেশি বিমান ব্যবহার করে। এটি মাদুরোর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার একাধিক প্রচেষ্টার মধ্যে একটি বড় হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।  

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার পর রদ্রিগেজ অপহৃত মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।

শনিবার রাতের টেলিভিশন ভাষণে তিনি মার্কিন সেনাদের আক্রমণ নিন্দা জানিয়ে বলেন, এটি একটি 'ইহুদিবাদী প্রভাবিত' আক্রমণ।  

তার ভাষণে রদ্রিগেজ জোর দিয়ে বলেন, মাদুরো এখনও ভেনেজুয়েলার 'একমাত্র প্রেসিডেন্ট'।

রদ্রিগেজ এই হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি 'নজিরবিহীন সামরিক আগ্রাসন' হিসেবে বর্ণনা করে  দাবি করেন, এটি ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখলের উদ্দেশ্যে চালানো হয়েছে।

রদ্রিগেজ বলেন, একটি জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল গঠিত হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভেনেজুয়েলার জাতীয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে মোতায়েন করা হয়েছে। তিনি জানান, ভেনেজুয়েলা কখনও আর কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না।

রদ্রিগেজ জোর দিয়ে বলেন, বিশ্বের সরকারগুলো মার্কিন আগ্রাসনের কারণে বিস্মিত হয়েছে। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, 'ইতিহাস এবং ন্যায় তাদের শাস্তি দেবে।'

বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভেনেজুয়েলায় হামলায় ঘটনা অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি স্যালুট জানাই।”

রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় স্থানীয় সময় গতকাল শনিবার ভোররাতে ‘বড় পরিসরে’ হামলা চালায় মার্কিন বাহিনী। অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে আনা হয়। মাদুরো এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে।#

পার্সটুডে/এমএআর/৪