মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
https://parstoday.ir/bn/news/event-i155782-মুস্তাফিজকে_বাদ_দেওয়ার_প্রতিক্রিয়া_বাংলাদেশে_আইপিএল_সম্প্রচার_বন্ধের_নির্দেশ
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৬ ১৪:৩৬ Asia/Dhaka
  • মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

আজ (সোমবার) মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়ার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বছরের আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্যে (৯ কোটি ২০ লাখ রুপি) বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর।  তবে ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড–বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর। এই ঘটনার জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।#

পার্সটুডে/এমএআর/৫