জকসু নির্বাচন: ভিপি-জিএস-এজিএসসহ ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়ী
https://parstoday.ir/bn/news/event-i155886-জকসু_নির্বাচন_ভিপি_জিএস_এজিএসসহ_ছাত্রশিবির_সমর্থিত_প্যানেল_জয়ী
বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ২১টি পদের মধ্যে ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ১৬টি পদে জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর জয়ের ধারাবাহিকতা ধরে রাখল ছাত্রসংগঠনটি।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৬ ২৩:৫৮ Asia/Dhaka
  • ছাত্র শিবিরসমর্থিত প্যানেলের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ও এজিএসপ্রার্থী মাসুদ রানা।
    ছাত্র শিবিরসমর্থিত প্যানেলের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, ভিপিপ্রার্থী রিয়াজুল ইসলাম ও এজিএসপ্রার্থী মাসুদ রানা।

বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ২১টি পদের মধ্যে ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ১৬টি পদে জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর জয়ের ধারাবাহিকতা ধরে রাখল ছাত্রসংগঠনটি।

অন্যদিকে, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল সম্পাদকীয় তিন পদে ও কার্যনির্বাহী সদস্যসহ মোট চার পদে জয়লাভ করেছে। এছাড়া কার্যনির্বাহী পদে স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন জাহিদ হাসান।

আজ (বুধবার) রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় সংসদের ৩৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড . কানিজ ফাতিমা কাকলী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। রিয়াজুল ইসলাম ৮৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। আরিফ ৩ হাজার ২৬৭ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও বড় ব্যবধান ধরে রেখেছে ছাত্রশিবির। এ পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ২ ভোট এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল ৩ হাজার ৯৪৪ ভোট পেয়েছেন। মাসুদ রানা ১ হাজার ৫৮ ভোটে বিজয়ী হয়েছেন।

এর আগে কয়েক পেছানো ও স্থগিতের গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্ক্ষিত জকসু নির্বাচন। নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে নেওয়া হয় ভোট। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়। #

পার্সটুডে/এমএআর/৭