ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার: মাহদী আমিন
-
সাংবাদিকদের ব্রিফ করছেন মাহদী আমিন
ঈদুল ফিতরের আগেই বাংলাদেশের কিছু কিছু জায়গায় খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সরকার সম্মানী দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
আজ (শনিবার) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ কথা জানান। তবে এই সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করেনি সরকার।
স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী আমিন জানান, “আজকের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছেন আমাদের একটি নির্বাচনি প্রতিশ্রুতি নিয়ে; যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুয়াজ্জিন সাহেবসহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন, সেই সব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে, মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান করা হবে। ঈদের আগেই পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি, সেটি শেষ করে কিছু কিছু জায়গায় সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের একটি সম্মানী প্রদান করা করব, ইনশাল্লাহ।"
কত টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে জানতে চাইলে মাহদী আমিন বলেন, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এ উপদেষ্টা আরও বলেন, “বিএনপির একটি বড়ো নির্বাচনি প্রতিশ্রুতি ছিল যে, সারা বাংলাদেশে মেধার ভিত্তিতে বৈষ্যমবিহীনভাবে যেন আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি…সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কীভাবে আমরা আরও দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কীভাবে আনব এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম দ্রুততার সাথে তাদের জন্য চাকরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারব; তার জন্য যে ডিরেজুলেশন প্রয়োজন, তার জন্য যে ব্যবসা-বাণিজ্য ও শিল্প কারখানার নীতিমালা প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য।“
এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।#