নেতানিয়াহুর বৈঠকের স্থানগুলো ইরানের জানা আছে: জে. রহিম সাফাভি
https://parstoday.ir/bn/news/event-i157470-নেতানিয়াহুর_বৈঠকের_স্থানগুলো_ইরানের_জানা_আছে_জে._রহিম_সাফাভি
পার্সটুডে-ইসলামী ইরানের শহীদ সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সহকারী জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর খেলার পুতুল।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৩, ২০২৬ ২০:৩৭ Asia/Dhaka
  • জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি
    জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি

পার্সটুডে-ইসলামী ইরানের শহীদ সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ও সহকারী জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর খেলার পুতুল।

তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো মার্কিন-ইসরায়েলি হামলার আগেই খালি করে রাখা হয়েছিল এবং এ ছাড়াও হামলার টার্গেট হিসেবে বিবেচিত অনেক কেন্দ্র আগেও খালি করে রাখা হয়েছিল ফলে তারা এমন সব ভবন ও কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করেছে যেখানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও স্বেচ্ছাসেবী বাসিজ নামক গণ-বাহিনীর কেউই ছিলেন না।

ইরানের বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে রহিম সাফাভি বলেছেন: আমার রাজনৈতিক বিশ্লেষণ হল ট্রাম্প নেতানিয়াহুর হাতের পুতুলে পরিণত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের স্বার্থের জন্য বলি দিচ্ছেন। অনেক মার্কিন রাজনীতিবিদ বলছেন যে কেন মার্কিন করদাতাদের অর্থ ও সেনাদের জীবন ইসরায়েল ও নেতানিয়াহুর জন্য উৎসর্গ করা হচ্ছে? নেতানিয়াহু ট্রাম্পকে বুঝিয়েছেন যে ১২ দিনের যুদ্ধের পর ইরান দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বাস্তবে আমরা শত গুণ বেশি শক্তিশালী হয়েছি।

রহিম সাফাভি ট্রাম্প ও নেতানিয়াহুকে বিশ্বের ও মুসলমানদের নিরাপত্তার জন্য চরম অনিষ্টকর বলে উল্লেখ করে বলেছেন, ১২ দিনের যুদ্ধের পর ওরা আবারও মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেবে বলে আমরা ভবিষ্যদ্বাণী করছিলাম। কিন্তু ইরান দেশবাসী ও বিশ্ববাসীকে এটা দেখাতে চেয়েছিল যে আমরা শান্তি ও আলোচনায় বিশ্বাসী ছিলাম। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আমরা আমাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র খাতে সক্ষমতা শত গুণ বাড়িয়েছি।

ইরানের শহীদ সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আরও বলেছেন, ইরানের গোয়েন্দা বিভাগ ইরানের আশপাশে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্য বা অবস্থানগুলো সম্পর্কে পুরোপুরি তথ্য রাখে এবং এমনকি নেতানিয়াহুর বৈঠকগুলোর স্থান সম্পর্কেও জানে, আমাদের তথ্য-ব্যাংক পরিপূর্ণ রয়েছে।

তিনি আরও বলেছেন, মার্কিন সরকার যে কৌশলগত ভুল হিসাব-নিকাশের ভিত্তিতে ইরানে হামলা শুরু করেছে তার উদ্দেশ্যগুলোর একটিও বাস্তবায়ন হবে না। আর এইসব দুরাশা হল ইরানের ইসলামী রাষ্ট্র-ব্যবস্থার অবসান ঘটানো, ইরানকে খণ্ড-বিখণ্ড করা, দুর্বল করা এবং ট্রাম্প ও নেতানিয়াহু যা যা চায় সেগুলো মেনে নিতে ইরানকে বাধ্য করা, অন্য কথায় তারা চায় ইরানকে শাহের শাসনামলের অবস্থায় ফিরিয়ে আনা এবং ইরানের তেল ও আঞ্চলিক অর্থনীতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।

জেনারেল সাফাভি বলেছেন, ইরানি জাতি গত ৪৭ বছরে দিনকে দিন অনেক শক্তিশালী হয়েছে এবং দেশটি রাজনৈতিক কাঠামো ও সশস্ত্র বাহিনী খুব উচ্চ মাত্রায় শক্তিশালী ও সুসংহত, তাই কয়েকজন নেতার শাহাদত এই ব্যবস্থায় কোনও শূন্যতা ও বড় ক্ষতির কারণ হয় না, যে কোনও শূন্যতা সহজেই পূরণ করে নেয়া সম্ভব হয়। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির শাহাদাতের পর অস্থায়ী নেতৃত্ব-পরিষদ গঠন করা হয়েছে এবং খুব শিগগিরই বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে মহান আল্লাহর ইচ্ছায়।#

পার্সটুডে/এমএএইচ/৩