‘বিউত আল-সাইয়াদ’ গোলাবর্ষণের শিকার
দক্ষিণ লেবাননে যুদ্ধ-বিরতি ভেঙ্গে ইসরায়েলি হামলা অব্যাহত
-
দক্ষিণ লেবাননে যুদ্ধ-বিরতি ভেঙ্গে ইসরায়েলি হামলা অব্যাহত;
পার্সটুডে: লেবাননের গণমাধ্যম জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে।
পার্সটুডে ইরনার বরাত দিয়ে জানিয়েছে, লেবাননের সূত্রগুলো বলেছে যে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিউত আল-সাইয়াদ শহরে কামান হামলা চালিয়েছে। তবে এ হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
একই সঙ্গে সূত্রগুলো জানিয়েছে, হারিস শহরের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে। এছাড়া দক্ষিণ লেবাননের বিনত জবেইল জেলার হাদাথা শহরেও ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে ধ্বংসযজ্ঞ ও বিস্ফোরণ অব্যাহত রেখেছে। তারা আল-খিয়াম এবং বেইত ইয়াহুন শহরে নতুন করে বিস্ফোরণ ঘটিয়ে বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় হতাহতের সংখ্যা আরও বেড়েছে।
এই মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩২২ জন নিহত হয়েছেন। একই সময়ে ১২ হাজার ২১০ জন আহত হয়েছেন। #
পার্স টুডে/এমএএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।