শেখ হাসিনাকে দ্রুত ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তাগিদ
https://parstoday.ir/bn/news/event-i162082-শেখ_হাসিনাকে_দ্রুত_ফেরাতে_ভারতের_প্রতি_বাংলাদেশের_প্রধানমন্ত্রীর_তাগিদ
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অগ্রগতি এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
(last modified 2026-08-10T11:45:49+00:00 )
আগস্ট ১০, ২০২৬ ১৭:৩৩ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীছ
    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীছ

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অগ্রগতি এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসে তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনার পাশাপাশি বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করবে।  এর পাশাপাশি, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি বৈঠকে পুনরায় জোর অনুরোধ জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক আরও সামনে এগিয়ে নিতে একটি উপযুক্ত ও আস্থাশীল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।  বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে কাজ শুরু করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই প্রথম সাক্ষাৎ।  এই সাক্ষাতের পূর্বপ্রস্তুতি হিসেবে গতকাল রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও তিনি একান্তে কথা বলেন।

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাংলাদেশ আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে আগ্রহী। পারস্পরিক সম্মান, মর্যাদা, স্বার্থ এবং একে অপরের সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা রেখে সম্পর্ক এগিয়ে নেওয়াই বর্তমান সময়ের মূল লক্ষ্য। #

পার্সটুডে/এমএআর/১০