সৌদি আরবে ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা; কিং খালেদ ঘাঁটি টার্গেট
https://parstoday.ir/bn/news/event-i162888-সৌদি_আরবে_ইয়েমেনের_ব্যাপক_ক্ষেপণাস্ত্র_ও_ড্রোন_হামলা_কিং_খালেদ_ঘাঁটি_টার্গেট
পার্সটুডে: স্থানীয় সূত্র ও আরব গণমাধ্যম আজ মঙ্গলবার ভোরে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়েছে।
(last modified 2026-09-08T09:31:27+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৬ ১০:০৬ Asia/Dhaka
  • সৌদি আরবে ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা; আভহা বিমানবন্দর ও কিং খালেদ ঘাঁটি টার্গেট?
    সৌদি আরবে ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা; আভহা বিমানবন্দর ও কিং খালেদ ঘাঁটি টার্গেট?

পার্সটুডে: স্থানীয় সূত্র ও আরব গণমাধ্যম আজ মঙ্গলবার ভোরে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দিয়েছে।

এসব সূত্রের দাবি অনুযায়ী, হামলায় আসির প্রদেশের খামিস মুশাইত ও আভহা শহর, জিজান অঞ্চল এবং কিং খালিদ বিমানঘাঁটি লক্ষ্যবস্তু করা হয় এবং সেখানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইসনা বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে স্থানীয় সূত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আসির প্রদেশের দিকে নিক্ষেপের খবরের আসার পাশাপাশি একই সময়ে এসব বিস্ফোরণ ঘটে।

আরব গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খামিস মুশাইত শহরের দিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং কিং খালিদ বিমানঘাঁটি এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে।

এর কিছুক্ষণ পর সাবেরিন নিউজও ড্রোন হামলার ফলে আভহা বিমানবন্দরে বিস্ফোরণের খবর দেয়। এই গণমাধ্যম জানায়, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলি দখলদার শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রতিক্রিয়ায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী এসব হামলা চালিয়েছে।

একই সময়ে, স্থানীয় সূত্রগুলো সৌদি আরবের দক্ষিণ সীমান্তবর্তী এলাকাগুলোতেও একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার খবর দিয়েছে। হামলা অব্যাহত থাকায় দেশটির দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৌদি আরবের জিজান তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটেছে এবং ওই বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে অযাচাইকৃত খবরও এসেছে। #

 

পার্সটুডে/এমএআর/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।