তেহরানের জুমা নামাজের খতিব আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে বললেন:
'বিপ্লবের সর্বোচ্চ নেতার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমরা আলোচনা করব না'
-
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলি আকবরি
পার্সটুডে: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতার সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। তিনি আরও বলেন, আল্লাহর সহায়তার আশ্রয় নিয়ে আমাদের শত্রুর বিপজ্জনক ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আজ তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাজ আলি আকবরি রাজধানীতে এ সপ্তাহের জুমার খুতবায় পরিবারের গুরুত্ব এবং মানুষের সামাজিক জীবনের সঙ্গে পরিবারের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, আধুনিক পশ্চিমা সংস্কৃতি অশ্লীলতা ও লাগামহীনতার প্রসারের মাধ্যমে পরিবারের ভিত্তির ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলেছে এবং বর্তমানে পশ্চিমা সমাজগুলো নিজেরাই এই প্রবণতার পরিণতির মুখোমুখি হচ্ছে।
তিনি আরও বলেন, নির্লজ্জতা, অশ্লীলতা ও যৌন উচ্ছৃঙ্খলতার পতাকা তুলে আধুনিক জাহেলিয়াত ওহির নির্দেশিত সীমারেখা অতিক্রম করেছে, নৈতিকতার সীমানা লঙ্ঘন করেছে এবং ভোগ ও কামনাকে প্রাধান্য দিয়ে পরিবারব্যবস্থার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধগুলোর একটি সংঘটিত করেছে।
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, এই সংস্কৃতির নির্মাতারা বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পের সক্ষমতা ব্যবহার করার পাশাপাশি নানা দর্শন দাঁড় করিয়ে এবং নিজেদের ব্যাপক ক্ষমতার ওপর নির্ভর করে এই অধঃপতিত সংস্কৃতি অন্য সমাজগুলোর কাছে ছড়িয়ে দিয়েছে। ব্যাপক সাংস্কৃতিক আকস্মিক আক্রমণের মাধ্যমে তারা বহু সমাজের জীবনকে প্রভাবিত করেছে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাজ আলি আকবরি বলেন, অন্যদের তুলনায় এই প্রবণতার পরিণতি প্রথমেই পশ্চিমা সমাজগুলোর ওপর পড়েছে। তিনি বলেন, “আজ সব ধরনের নৈতিক গুণের প্রতীক পরিবারব্যবস্থার সূর্য পশ্চিমে অস্তমিত হওয়ার পথে এবং এসব সমাজের বহু মানুষ পরিবার ভেঙে পড়ার পরিণতির মুখোমুখি হয়েছে।”
শত্রু অসহায় হয়ে পড়েছে এবং আলোচনার জন্য অনুনয় করছে
তেহরানের জুমার নামাজের খতিব শত্রুর পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, “শত্রু অসহায় হয়ে পড়েছে, আলোচনার জন্য অনুনয় করছে এবং মধ্যস্থতাকারী পাঠাচ্ছে।”
তিনি জোর দিয়ে বলেন, “বিপ্লবের নেতার সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। আল্লাহর তাওফিকে আমাদের শত্রুর বিপজ্জনক ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাজ আলি আকবরি সমাজে বিভেদ সৃষ্টির জন্য শত্রুর প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, “সম্প্রতি আপনারা দেখেছেন, তারা ফিতনা সৃষ্টির চেষ্টা করছে। সুন্নি সম্প্রদায়ের কিছু বিপ্লবী আলেম এবং আমাদের সুন্নি ভাইদের শাহাদাতও একই ধরনের ষড়যন্ত্রের অংশ।”
তিনি এ বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “এসব বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন, বিশেষ করে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য।”
তেহরানের জুমার নামাজের খতিব তাঁর বক্তব্যের শেষাংশে ইয়েমেনে প্রতিরোধ ফ্রন্টের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কথা উল্লেখ করে বলেন, “সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্ট বিশেষভাবে নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে। শুরু থেকেই ইয়েমেনিরা প্রতিরোধ অক্ষের মুকুটের উজ্জ্বল রত্ন হিসেবে রয়েছে, কিন্তু এবার তারা বিস্ময়কর সব ঘটনা ঘটাচ্ছে।”
তিনি আরও বলেন, “ইয়েমেনিরা এক সপ্তাহের মধ্যেই নিজেদের একটি ভিন্ন চিত্র তুলে ধরেছে এবং প্রতিরোধ ফ্রন্ট ও পশ্চিম এশিয়া অঞ্চলের ঘটনাপ্রবাহকে প্রভাবিত করে সমীকরণ পরিবর্তন করেছে।”
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাজ আলি আকবরি বলেন, “এখন আমরা ইয়েমেনের আনসারুল্লাহর বাব আল-মান্দাব নিয়ন্ত্রণ করতে দেখছি এবং বাব আল-মান্দাব হরমুজ প্রণালির সঙ্গে যুক্ত হয়েছে। ফ্রন্টগুলোর ঐক্যের কাঠামোর মধ্যে এটি ছিল একটি বড় ঘটনা এবং এটি এমন একটি স্বপ্ন ছিল, যা আলহামদুলিল্লাহ বাস্তবায়িত হয়েছে।”
তিনি বাব আল-মান্দাবকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের প্রাণশিরা হিসেবে উল্লেখ করে বলেন, “অন্যান্য ঘটনাপ্রবাহের পাশাপাশি এই পরিবর্তন বিশ্ব আধিপত্যবাদী শক্তির ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।”
সৌদি জোটের সামরিক কাঠামো ভেঙে পড়েছে
তেহরানের জুমার নামাজের খতিব ইয়েমেনের সামরিক ঘটনাপ্রবাহের কথাও উল্লেখ করে বলেন, “সৌদি জোটের সামরিক কাঠামো ভেঙে পড়েছে। ইয়েমেনি বাহিনী অল্প সময়ের মধ্যে তাদের ভূখণ্ডের হাজার হাজার বর্গকিলোমিটার মুক্ত করেছে, বিপুল পরিমাণ সামরিক সাজ-সরঞ্জাম জব্দ করেছে এবং বিপুলসংখ্যক বন্দিকে মুক্ত করেছে।”
তিনি উত্তর ইয়েমেনের বাহিনী, স্থানীয় গোত্র ও মাঠে সক্রিয় অন্যান্য বাহিনীর মধ্যে ঐক্য গড়ে ওঠার কথা উল্লেখ করে এসব ঘটনাকে ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্টে ব্যাপক সংহতির নিদর্শন হিসেবে অভিহিত করেন। তিনি আরবি ভাষায় ইয়েমেনি ও লেবাননি যোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইয়েমেনের জনগণ ঈমান ও ধৈর্যের সঙ্গে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে
তেহরানের জুমার নামাজের খুতবার পরবর্তী অংশে আরবি ভাষায় বক্তব্য দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাজ আলি আকবরি ইয়েমেনের জনগণের প্রশংসা করে বলেন, “ইয়েমেনের জনগণ প্রজ্ঞা ও ঈমানের অধিকারী। নিজেদের ভূমি ও পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার পথে তারা নিষ্ঠার সঙ্গে আল্লাহর পথে অবিচল থেকেছে এবং সংগ্রাম করেছে।”
তিনি ইসলামের ইতিহাস ও ইয়েমেনের প্রতিরোধের ইতিহাসের বিভিন্ন কমান্ডার ও বিশিষ্ট ব্যক্তিত্বের কথা উল্লেখ করে ইয়েমেনি যোদ্ধা ও মুজাহিদদের প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, “ইয়েমেনের প্রতিরোধের নেতৃবৃন্দ ও কমান্ডাররা প্রজ্ঞা ও বিচক্ষণতার পাশাপাশি দৃঢ়তা, দয়া ও জনগণের প্রতি যত্নকেও গুরুত্ব দিয়েছেন।”
তেহরানের জুমার নামাজের খতিব ইয়েমেনের শহীদদের স্মরণ করে বলেন, “মহান ইয়েমেনি শহীদরা নিজেদের রক্ত দিয়ে ধৈর্য, প্রতিরোধ ও দৃঢ়তার বৃক্ষকে সিঞ্চিত করেছেন এবং মর্যাদা ও সম্মানের ইতিহাসে নিজেদের নাম চিরস্থায়ী করেছেন। তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত এবং রিজিকপ্রাপ্ত।”
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাজ আলি আকবরি এই বিজয়কে দীর্ঘস্থায়ী ধৈর্য, আল্লাহর প্রতি সত্যনিষ্ঠা এবং প্রতিরোধের মূলনীতির প্রতি অঙ্গীকারের ফল হিসেবে উল্লেখ করে বলেন, “ঈমানদার জাতি অপরাজেয় এবং যারা আল্লাহর পথে সাহায্য করবে, তাদের প্রতি আল্লাহর সাহায্য আসবে।”
বক্তব্যের শেষাংশে তিনি দক্ষিণ লেবাননের জনগণ, ইসলামি প্রতিরোধ ও আমল আন্দোলনের প্রতি সালাম জানিয়ে বলেন, “দক্ষিণ লেবাননের জনগণ জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করেছে এবং প্রতিরোধ আন্দোলনও শত্রুদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছে।”
তেহরানের জুমার নামাজের খতিব লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের কথাও স্মরণ করেন। লেবাননের শহীদ ও ইসলামি প্রতিরোধের শহীদদের স্মরণ করে তিনি বলেন, “এই শহীদরা আল্লাহর পথে, লেবানন ও ইসলামি উম্মাহর প্রতিরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং আগ্রাসন ও শত্রুতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন।” #
পার্সটুডে/এমএএইচ /১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।