পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দুকে ‘মেরুদণ্ডহীন-সরীসৃপ’ বললেন কুণাল
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে মেরুদণ্ডহীন-সরীসৃপ বলে কটাক্ষ করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় আগামী ১৯ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন ওই নির্বাচনকে কেন্দ্র করে শুভেন্দু বাবু প্ররোচনা দিচ্ছেন বলে অভিযোগ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু অধিকারী অকারণ প্ররোচনা দিচ্ছেন, ওনাদের ব্যর্থতা ঢাকতে। ওনারা প্রার্থী পাবেন না, লোক পাবেন না, কাজ করতে পারবেন না, মানুষের থেকে বিচ্ছিন্ন। শুভেন্দু মূলত ‘মেরুদণ্ডহীন-সরীসৃপ’। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মুখে বড় বড় কথা। আরে! কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী- এগুলো তো নতুন নয়। গত ক’মাস আগে বিধানসভা নির্বাচনে তো হল। তোমরা তো হেরেছো। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যর্থতা হচ্ছে ওদের নেতৃত্বের। ওদের নেতৃত্বরা প্রত্যাখ্যাত। আর ও তো বিরোধী দলনেতা লোডশেডিংয়ের। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি লড়াই চলছে। ‘মেরুদণ্ডহীন, সুবিধাবাদী, সরীসৃপ’ শুভেন্দু স্রেফ মুখ বড় বড় কথা বলে প্রচারের আলোয় ভেসে থাকতে চাচ্ছেন। বিজেপির জন্য ভরাডুবি অপেক্ষা করছে, সেটা অবাধ মানুষের ভোটে।’
আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আসন্ন কোলকাতা পৌরসভা নির্বাচন উপলক্ষে বলেন, ‘কোথাও বোমা পড়লে, ভোটারদের গলির মুখে বাধা দিলে বিজেপি কর্মী সমর্থকদের বলা হয়েছে সকাল থেকে ঝাণ্ডা নিয়ে প্রস্তুত থাকবেন। রাজ্য নির্বাচন কমিশন অত ফাঁকা মাঠে গোল করতে পারবে না। এবারে চোখে চোখ রেখে লড়াই হবে। প্রথম তিন ঘণ্টায় এসব কাণ্ড যদি করে তৃণমূলের গুণ্ডারা, ক্যানিং, ভাঙড় এসব জায়গা থেকে ‘জিহাদী’দের এনে যদি করা হয়, এবারে গোটা রাজ্য জুড়ে যে প্রতিরোধ ও প্রতিবাদ হবে তার আঁচ কিন্তু ‘নবান্ন’ (রাজ্য সচিবালয়) পর্যন্ত পৌঁছবে।’ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এ ধরণের মন্তব্যকে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্ররোচনামূলক বলে অভিহিত করে তাকে মেরুদণ্ডহীন-সরীসৃপ বলে কটাক্ষ করেছেন।
কোলকাতা পৌরসভায় মোট ১৪৪ টি আসন রয়েছে। ২০১৫ সালের নির্বাচনে তৃণমূলের দখলে ছিল ১১৪টিতে। অন্যদিকে, বামফ্রন্ট ১৫, বিজেপি ৭, কংগ্রেস ৫ ও অন্যরা ৩টি আসনে জয়ী হয়েছিলেন। #
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।