নয়াদিল্লির পাউরুটিতে পাওয়া গেছে ক্যান্সারের উপাদান
https://parstoday.ir/bn/news/india-i10204-নয়াদিল্লির_পাউরুটিতে_পাওয়া_গেছে_ক্যান্সারের_উপাদান
ভারতের রাজধানী নয়াদিল্লির পাউরুটিতে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। দিল্লির বাজারে সাধারণ ভাবে যে সব পাউরুটি বিক্রি হয় তার নমুনা পরীক্ষা করে ক্যান্সার সৃষ্টিকারী পটাসিয়াম ব্রোমেট এবং আয়োডাইট পেয়েছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভাইরমেন্ট বা সিএসই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৪, ২০১৬ ০৬:৪৭ Asia/Dhaka
  • নয়াদিল্লির পাউরুটিতে পাওয়া গেছে ক্যান্সারের উপাদান

ভারতের রাজধানী নয়াদিল্লির পাউরুটিতে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে। দিল্লির বাজারে সাধারণ ভাবে যে সব পাউরুটি বিক্রি হয় তার নমুনা পরীক্ষা করে ক্যান্সার সৃষ্টিকারী পটাসিয়াম ব্রোমেট এবং আয়োডাইট পেয়েছে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভাইরমেন্ট বা সিএসই।

পটাসিয়াম ব্রোমেটকে ক্যান্সার সৃষ্টিকারী ২বি উপাদান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ উপাদান মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে বলে মনে করা হয়। বিশ্বের অনেকে দেশেই এ উপাদান ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে পটাসিয়াম আয়োডাইট থেকে থাইরয়েড সংক্রান্ত অসুখ হতে পারে।

ভারতে পাউরুটি প্রস্তুত করতে এ দুই উপাদান ব্যবহার করা হয়। সিএসই অবিলম্বে ভারতে এ দুই উপাদানের ব্যবহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

এদিকে, এর আগে প্রকাশিত ভারতের সরকারি হিসাবে বলা হয়েছে, চলতি বছরে দেশটিতে সাড়ে ১৪ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। এতে আরো বলা হয়েছে দেশটির প্রতি আটজনে একজন পুরুষ এবং প্রতি নয়জনে একজন নারী তাদের জীবদ্দশায় কোনো না কোনো ধরণের ক্যান্সারে ভুগবেন।

২০২০ সালের মধ্যে ভারতের ক্যান্সার আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৩০ হাজারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আগামী বছরগুলোতে সংক্রামক নয় এমন সব রোগে মৃত্যুর ক্ষেত্রে ভারতে শীর্ষে থাকবে ক্যান্সার।#

পার্সটুডে/মূসা রেজা/২৪