যোগী বাংলার ইতিহাস জানে না, মূর্খের মত কথা বলছেন: অধীর চৌধুরী
https://parstoday.ir/bn/news/india-i103658-যোগী_বাংলার_ইতিহাস_জানে_না_মূর্খের_মত_কথা_বলছেন_অধীর_চৌধুরী
ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেছেন, যোগী বাংলার ইতিহাস জানে না, মূর্খের মত কথা বলছেন। তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১৬:৪৯ Asia/Dhaka
  • অধীর চৌধুরী
    অধীর চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেছেন, যোগী বাংলার ইতিহাস জানে না, মূর্খের মত কথা বলছেন। তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

উত্তর প্রদেশে আজ প্রথম দফার বিধানসভার নির্বাচনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটারদের সতর্ক করে দিয়ে এক ভিডিও বার্তায় বলেন, আপনারা সাবধান হোন। আপনাদের ভুলের জন্য বিজেপি যদি ক্ষমতায় না আসে, তাহলে উত্তর প্রদেশের অবস্থা কাশ্মীর, বাংলা ও কেরলার মতো হতে সময় লাগবে না। তার এ ধরণের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, ‘যোগী এখন পাগলপ্রায় হয়ে তাদের একটাই অস্ত্র সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করতে চাচ্ছে। সেজন্য উত্তর প্রদেশকে বাংলার সঙ্গে কেরালার সঙ্গে, কাশ্মীরের সঙ্গে তুলনা চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমি তার এ ধরণের সংকীর্ণ মন্তব্যের ঘোর নিন্দা করছি। সে একটা মূর্খের মতো কথা বলছে। বাংলার মানুষকে অপমান করছেন। বাংলার মানুষকে অপমানের প্রতিবাদে এখনও বাংলায় যেটুকু বিজেপি ছড়িয়ে ছিটিয়ে আছে, আগামীদিনে সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিজেপিকেও বাংলার মাটি থেকে উৎখাত করে বাংলা তার নিজের ঐতিহ্য ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে বাঁচবে আমি হলফ করে একথা বলতে পারি।’

পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে, জয় সম্পর্কে নিশ্চিত নন, পরাজয়ের গন্ধ পাচ্ছেন। তাই এসব আবোল-তাবোল বকছেন। এ রাজ্যে ভোটের আগে প্রচারে এসেছিলেন যোগী। সব সভা ফাঁকা ছিল। বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল। ওঁদের হিন্দুত্বের রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে।  

সিপিএম নেতা ও পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার সাবেক মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন,  এ তো সরাসরি ভোটারদের হুমকি! এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা কী?  কমিশন নীরব কেন? উন্নয়নের কাজে চরমভেবে ব্যর্থ যোগী সরকার। কোন কাজের নিরিখে এভাবে তুলনা টানতে চাচ্ছেন অন্য রাজ্যগুলোর সঙ্গে? সাম্প্রদায়িক রাজনীতিকে হাতিয়ার করতেই এ ধরণের মন্তব্য করছেন তিনি।’ উত্তর প্রদেশের মানুষের উদ্দেশ্যে যোগী সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছেন সিপিএম নেতা  বিকাশ রঞ্জন ভট্টাচার্য।   

কেরলার মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন বলেছেন, যোগী আদিত্যনাথ ভয় পাচ্ছেন, উত্তর প্রদেশ কেরালা হয়ে যাবে। কারণ, রাজ্যবাসী সেরা শিক্ষা পাবে, স্বাস্থ্য পরিসেবা পাবে, সামাজিক কল্যাণ হবে, জীবন যাপনের মানোন্নত হবে, আর সম্প্রীতির সমাজ হবে যেখানে জাতি-ধর্মের  নামে হানাহানি হবে না। উত্তর প্রদেশের মানুষ আসলে এটাই চান।’ 

কেরালার বিরোধী দলনেতা কংগ্রেসের ভিডি সতীশন বলেছেন, প্রিয় উত্তর প্রদেশবাসী, কেরালার মতো ভোট দিন। বহুত্ববাদ, সম্প্রীতি, সবার জন্য উন্নয়ন বেছে নিন। মধ্যযুগীয় ধর্মান্ধতা নয়। কেরালা, বাংলা এবং কাশ্মীরিরাও গর্বিত ভারতীয়।#

পার্সটুডে/এমআরএইচ/এমএএইচ/১০     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।