পাঞ্জাবে শান্তি বজায় রাখতে পারে একমাত্র কংগ্রেস দল: রাহুল গান্ধি
-
রাহুল গান্ধি
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি বলেছেন, একমাত্র কংগ্রেসই পারে পাঞ্জাবে শান্তি বজায় রাখতে। পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেন।
হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ সূত্রে প্রকাশ, পাঞ্জাবের বারনালায় আজ দলীয় সমাবেশে রাহুল গান্ধি বলেন, এখানে কোনো পরীক্ষা-নিরীক্ষা করলে আগুন জ্বলতে পারে। পাঞ্জাবের জনগণের বিরাট ক্ষতি হবে। পাঞ্জাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা। যেদিন পাঞ্জাব থেকে শান্তি হারিয়ে যাবে, সারা দেশ ক্ষতিগ্রস্ত হবে।
রাহুল গান্ধি বলেন, ‘এটা একটা রাজ্য, এটা রসায়নাগার নয় যে এখানে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এটা সীমান্ত রাজ্য এবং স্পর্শকাতর রাজ্য। কংগ্রেস দল পাঞ্জাবকে জানে বোঝে। কংগ্রেস দল পাঞ্জাবে শান্তি রক্ষা করতে পারে।’
তিনি বলেন, পাঞ্জাবের সামনে বিপদ রয়েছে, সেজন্য চরণজিত সিং চান্নির মতো শক্তিশালী মুখ্যমন্ত্রীর প্রয়োজন। রাহুল গান্ধি বলেন, পাঞ্জাবে আমরা করোনার বিরুদ্ধে লড়াই করেছি। পাঞ্জাবে দিল্লির মতো পরিস্থিতি হয়নি। আমরা করোনা নিয়ন্ত্রণ করেছি। ‘আম আদমি পার্টি’র মতো আমরা ১/২ হাজার কোটি টাকার মার্কেটিং করিনি।
রাহুল গান্ধি বলেন, আমি (তৎকালীন মুখ্যমন্ত্রী) ক্যাপ্টেন অমরিন্দর সিংকে বলেছিলাম বিদ্যুৎ সমস্যা সমাধান করতে। এতে পাঞ্জাবের মানুষের কষ্ট হচ্ছে। অমরিন্দর আমাকে বলেছিলেন এটা একটা চুক্তি। এরপরে আমরা অমরিন্দরকে পরিবর্তন করে দিয়েছি। তার জায়গায় আসা চরণজিৎ চান্নি বিদ্যুৎকে সস্তা করেছেন। পাঞ্জাবের এমন একজন শক্তিশালী মুখ্যমন্ত্রী দরকার।
পাঞ্জাবে আগামী ২০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে। এই নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করছে আম আদমি পার্টি (‘আপ’), অকালি দল এবং বিজেপি-পাঞ্জাব লোক কংগ্রেস জোটের বিরুদ্ধে। রাজ্যটিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।