ইউক্রেনে রুশ বোমা হামলায় ভারতীয় ছাত্র নিহত, রাহুল-অধীরের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i104576-ইউক্রেনে_রুশ_বোমা_হামলায়_ভারতীয়_ছাত্র_নিহত_রাহুল_অধীরের_প্রতিক্রিয়া
ইউক্রেনে রুশ হামলার মুখে পড়ে নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর (২১) নামে এক  ভারতীয় ছাত্র নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) খারকিভে বোমা বিস্ফোরণের ফলে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে।    
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০১, ২০২২ ১৫:১২ Asia/Dhaka
  • নিহত ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর
    নিহত ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর

ইউক্রেনে রুশ হামলার মুখে পড়ে নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর (২১) নামে এক  ভারতীয় ছাত্র নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) খারকিভে বোমা বিস্ফোরণের ফলে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে।    

নিহত ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর ভারতের কর্নাটক রাজ্যের বাসিন্দা। তিনি মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। গণমাধ্যমে প্রকাশ, খাবার কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই ভারতীয় ছাত্র। এ সময়ে সেখানে গভর্নর হাউসের উপরে রুশ বোমা বর্ষণের ফলে তার মৃত্যু হয়। গভর্নর হাউসের পিছনের একটি ফ্ল্যাটে থাকতেন ওই ছাত্র।    

আজ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সকালে খারকিভে বিস্ফোরণের ফলে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।’  

এদিকে, ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি বলেছেন, ‘ইউক্রেনে ভারতীয় ছাত্র নবীনের প্রাণ হারানোর দুঃখজনক খবর পেয়েছি। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি আবারও বলছি, নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারের একটি কৌশলগত পরিকল্পনা দরকার। প্রত্যেকটি মিনিট মূল্যবান।’ 

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেছেন, ‘এক ভারতীয় ছাত্রের মৃত্যুর হৃদয় বিদারক ঘটনার কথা জানতে পেরে আমি মর্মাহত ও ব্যথিত। নরেন্দ্র মোদিজীর উচিত নির্বাচনের পরিবর্তে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রদের সরিয়ে নেওয়ার দিকে মনোনিবেশ করা। অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। ভারতের সেই অসহায় ছাত্রদের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। ঈশ্বর তাদের রক্ষা করুন।’ 

আজ (মঙ্গলবার) সকালে ইউক্রেনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে অ্যাডভাইজরি জারি করে বলা হয়েছে, ‘ছাত্রসহ সকল ভারতীয়দের জরুরিভিত্তিতে আজই কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রেন বা যে গণপরিবহণ পাওয়া যাচ্ছে, (তাতে চেপেই কিয়েভ ছাড়ুন)।’ 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে একাধিকবার বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য চার কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে পাঠানো হচ্ছে। তাঁরা ইউক্রেন সংলগ্ন দেশে গিয়ে গোটা বিষয়টি তদারকি করবেন।

গতকাল (সোমবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। এতে ঠিক হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেণ রিজিজু ও ভিকে সিং বিশেষ দূত হিসেবে যাবেন। রোমানিয়া ও মলডোভা থেকে ভারতীয়দের উদ্ধার প্রক্রিয়া দেখাশোনা করবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিরেণ রিজিজু যাবেন স্লোভাকিয়া। হরদীপ পুরী যাবেন হাঙ্গেরি। পোল্যান্ডে গিয়ে ভারতীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকি করবেন ভিকে সিং। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ছ’দফায় সবমিলিয়ে ১ হাজার ৩৯৬ জনকে এ পর্যন্ত ফিরিয়ে আনা হয়েছে।#    

পার্সটুডে/এমএএইচ/এআর/১