২০২২ সালের বিধানসভা নির্বাচনে এটাই আমার শেষ জনসভা, বিজেপিকে জয়ী করুন: মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারাণসীতে সপ্তম পর্বের জন্য নির্বাচনী প্রচারের সময়ে বলেছেন, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে এটাই আমার শেষ জনসভা। বিজেপি উত্তর প্রদেশের উন্নয়ন করেছে। বিজেপিকে জয়ী করুন।
আজ (শনিবার) সন্ধ্যায় রাজ্যটিতে ৭ম ও শেষ দফার বিধানসভার নির্বাচনী প্রচার শেষ হয়েছে। আগামী (সোমবার) সেখানে শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ হিন্দি গণমাধ্যম ‘লাইভ হিন্দুস্তান’ সূত্রে প্রকাশ, প্রধানমন্ত্রী মোদি বারাণসীতে নির্বাচনী প্রচারে জনসাধারণের উদ্দেশে বিরোধীদের সমালোচনা করে বলেন, ইউক্রেন সংকট নিয়ে পারিবারতান্ত্রিক দল রাজনীতি করছে। ভারত সরকার ইউক্রেন থেকে প্রতিটি শিশুকে নিরাপদে ভারতে আনতে বদ্ধপরিকর। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আমাদের ভোট দিন। আমরা দরিদ্রদের ঘরে চুলা জ্বালানোর শপথ নিয়েছি। সংকটের সময়েও পারিবারতান্ত্রিক দল রাজনীতি করছে। এবার জাতীয়তাবাদ ও উন্নয়নের নামে রাজ্যে ভোট চাচ্ছে।পরিবারপন্থিদের ইতিহাস উত্তর প্রদেশ লুটপাটের ইতিহাস।
বিগত সরকারগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, তাদের সরকারের আমলে রাজ্যে শুধু দাঙ্গা হয়েছে। উত্তর প্রদেশ কয়েক দশক ধরে এমন নির্বাচন দেখেনি যেখানে উন্নয়ন কাজের ভিত্তিতে ভোট চাওয়া হচ্ছে। রাজ্যকে স্বজনপ্রীতির কবল থেকে মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে, কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারের সাফল্য দাবি করলেও ওই ইস্যুতে ব্যর্থতার অভিযোগ তুলে আজ (শনিবার) পশ্চিমবঙ্গের কোলকাতার মেয়র ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অপদার্থ’ বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘বোমা হামলার মধ্যে আমাদের ছাত্রদের ইউক্রেনে রেখে দিয়েছে। কেন আক্রমণাত্মকভাবে মোদি সাহেব ভোটের প্রচারে ব্যস্ত না হয়ে আগেই কেন বললেন না, আমরা ওদের উদ্ধার করে আনবো। ইউক্রেনে ঢোকার ক্ষমতা তাদের চার মন্ত্রীর নেই। বাইরে থেকে দাঁড়িয়ে ফকর-ফকর করছে, যখন ছাত্ররা নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেছে, আজ না হয় কাল তারা ফ্লাইটে উঠবে। ইউক্রেন থেকে তারা ফ্লাইটে উঠতে পারল না কেন? কেন ইউক্রেন থেকে সবাইকে একত্রিত করে নিয়ে দূতাবাস দায়িত্ব নিয়ে এটা করল না? অপদার্থ কে? নরেন্দ্র মোদি। তার কারণ উনি নির্বাচনী প্রচারে ব্যস্ত। এবার তো মনে হচ্ছে পৌরসভা নির্বাচনেও নরেন্দ্র মোদি দৌড়বেন’ বলেও কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের কোলকাতার মেয়র ও রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।