বিহারে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার, ‘মহাজোট’ সরকার গড়ার প্রস্তুতি
https://parstoday.ir/bn/news/india-i111690-বিহারে_মুখ্যমন্ত্রী_পদ_থেকে_ইস্তফা_দিলেন_নীতিশ_কুমার_মহাজোট’_সরকার_গড়ার_প্রস্তুতি
ভারতের বিহারে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার। আজ (মঙ্গলবার) জেডিইউ নেতা নীতীশ কুমার রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করেন এবং তার কাছে পদত্যাগপত্র জমা দেন। একইসঙ্গে তার সঙ্গে ১৬০ জন বিধায়কের সমর্থন আছে উল্লেখ করে রাজ্যে নয়া সরকার গড়ার দাবি জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০২২ ১৬:৩৬ Asia/Dhaka
  • বিহারে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার, ‘মহাজোট’ সরকার গড়ার প্রস্তুতি

ভারতের বিহারে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার। আজ (মঙ্গলবার) জেডিইউ নেতা নীতীশ কুমার রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করেন এবং তার কাছে পদত্যাগপত্র জমা দেন। একইসঙ্গে তার সঙ্গে ১৬০ জন বিধায়কের সমর্থন আছে উল্লেখ করে রাজ্যে নয়া সরকার গড়ার দাবি জানিয়েছেন।

রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরে, নীতীশ কুমার বলেন, দলের সমস্ত এমপি এবং বিধায়কদের মধ্যে ঐকমত্য হয় যে, আমাদের ‘এনডিএ’ ত্যাগ করা উচিত। বিহারে বিজেপি নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ সমন্বিত ‘এনডিএ’ জোট সরকার ক্ষমতায় ছিল। আজ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের মধ্য দিয়ে সেই জোটের অবসান হয়েছে।  

এর আগে ‘জেডিইউ’এমপি, বিধায়ক ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। ওই বৈঠকে নীতীশ কুমার বলেন, বিজেপি সর্বদা অপমানিত করেছে এবং ‘জেডিইউ’কে শেষ করার ষড়যন্ত্র করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ২০২০ সাল থেকে তার বর্তমান জোট তাকে দুর্বল করার চেষ্টা করছে। 

এদিকে, আজ ‘জেডিইউ’ছাড়াও মহাজোটের বৈঠকও হয়েছে। ওই বৈঠকে ‘আরজেডি’ বিধায়ক, এমএলসি এবং রাজ্যসভার এমপিরা দলের নেতা তেজস্বী যাদবকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছেন এবং বলেছেন যে তারা তার সাথে আছেন। অন্যদিকে, কংগ্রেস এবং বাম দলের বিধায়করা ইতোমধ্যেই বলেছেন যে তারা তেজস্বী যাদবের  সাথে আছেন। এরফলে রাজ্যটিতে নীতিশের নেতৃত্বে এবার ‘মহাজোট’সরকার গড়ার তৎপরতা চলছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী নীতিশ কুমারকে মহাজোটের নেতা নির্বাচিত করা হয়েছে। এবং তিনি রাজভবনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।     

২০১০ সাল থেকে বিহার রাজ্যকে বিশেষ মর্যাদার দেওয়ার দাবি করা হচ্ছে এবং ৫ বছর আগে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো বিশেষ প্যাকেজ উপেক্ষা করা ও অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে নীতীশ কুমার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ত্যাগ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।    

এ প্রসঙ্গে বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেছেন, আমরা আমাদের দলকে শক্তিশালী করি, আমরা অন্য কোনও দলকে দুর্বল করি না। আমি পাটনায় যাচ্ছি। দলীয় নেতৃত্ব এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। আমরা বিহারের মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করেছি।# 

 

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/৯